যে সময় লিটন দাস তার দলকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা, সেখানে তারা খেলতে নামবেন অদম্য কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় থাকলে লিটন দাসদের আর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়ে উঠেনি। ১৯৯৯ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়ার পর এবারই প্রথম বাংলাদেশ আইসিসির কোনো ইভেন্ট খেলছে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। প্রথম দিনই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। এই টুর্নামেন্ট না খেলার কারণে বাংলাদেশের সামনে প্রায় এক মাসের বেশি সময় ফাঁকা পড়ে যায়। ক্রিকেটারদের খেলায় রাখতে বিসিবি নতুন করে আয়োজন করে অদম্য কাপ। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আরও কিছু ক্রিকেটারদের নিয়ে তিনটি দল তৈরি করে বিসিবির নতুন এই টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে আজ। প্রথম দিনই মাঠে নামনে ধূমকেতু ও দুরন্ত। টুর্নামেন্টের অপর দল দুর্বার। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। টি-স্পোর্টস সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে।
৫ দিনব্যাপী টুর্নামেন্টে খেলা মাঠে গড়াবে ৪ দিন। তিন দল লিগ পর্বে একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ৯ ফেব্রুয়ারি ফাইনাল। দল তিনটি সাজাতে গিয়ে ধূমকেতুকে নাজানো হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড দিয়েই। অধিনায়ক লিটন দাস। দলের অপর সদস্যরা হলেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম সাকিব।
প্রতিটি দলই গঠন করা হয়েছে ১৩ জন ক্রিকেটার দিয়ে। দুর্বারের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তার দলে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়া জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, কাজী নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে সৈয়দ খালেদ আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়। সঙ্গে উঠতি তারকা হাবিবুর রহমান সোহান, আলিস ইসলাম, আল ফাহাদ। দুরন্ত দলকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী।
এই দলটি তারুণ্যে ভরপুর। জিসান আলম, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, মাহিদুল ইসলাম অঙ্কন, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলায়েন, এস এম মেহরব হোসেন, রকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমনের মতো এক ঝাঁক উঠতি তারকা। এই টুর্নামেন্ট নিয়ে ধূমকেতু দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এখানে খেলছে। এটার অনেক গুরুত্ব আছে। আমরা সেভাবেই দেখছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলছি না। একটা জিনিস মিস করছি বলে সেটার জন্য হাহুতাশ করে মরে যাব। কালকে বাঁচব না মরব, সেটা জানি না। তবে ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার বর্তমান যে অবস্থা আছে, সেটাতে যেন সবচেয়ে ভালো করতে পারি ও খেলাটা উন্নতি করতে পারি, সেই চেষ্টা করছি। দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুবই সমস্যা। কাল যে বাঁচবেন, তেমন নিশ্চয়তা দিতে পারবেন?’
লিগ পর্বের খেলায় কোনো বিরতি নেই। আগামীকাল ধূমকেতু খেলবে দুর্বারের বিপক্ষে। ৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত। ৮ ফেব্রুয়ারি বিরতির পর ৯ ফেব্রুয়ারি ফাইনাল খেলা। ফাইনাল খেলাও শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই টুর্নামেন্টকে সামনে রেখে ৩ ও ৪ ফেব্রুয়ারি ৩ দলের ক্রিকেটাররা অনুশীলন করেন।
খেলা দেখার জন্য দর্শকদের সর্বনিম্ন ১০০ টাকা টিকিটের পেছনে ব্যয় করতে হবে। এই টাকা দিয়ে পূর্ব গ্যালারির টিকিট কেনা যাবে। উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউস ৫০০ এবং গ্রান্ড স্ট্যান্ড ১০০০ টাকা মূল্য রাখা হয়েছে। স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা ইউনিফর্ম পরে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে বিনা টিকিটে খেলা দেখতে পারবেন?
পলাশ/অনিক/