কঠিন সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। আলোচনায় এখন মাঠের খেলা নয়; বরং সমালোচনার জন্ম দিচ্ছে মাঠের বাইরের ইস্যুগুলো। দীর্ঘ এই তালিকায় সর্বশেষ যোগ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন এক্রিডিটেশন পলিসি।
সবার জানা, আজ মাঠে গড়াবে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। বিশ্বকাপে না খেলায় ক্রিকেটারদের জন্য আড়াই কোটি টাকার বিশেষ এই টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। খেলা শুরুর মাত্র সাত ঘন্টা আগে এক্রিডিটেশন পলিসি ঘোষণা করা হয়েছে। যেখানে বলা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়া কাউকে এক্রিডিটেশন কার্ড দেয়া হবে না।
বিসিবি মিডিয়া কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) সঙ্গে বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে যোগাযোগ করে একই সিদ্ধান্তের কথা জানিয়ে পক্ষে থাকার অনুরোধ করা হয়। যা তাৎক্ষণিকভাবে বিএসপিএ নাকচ করে দেয়।
পূর্ব ঘোষণা না দিয়ে বিসিবির এক্রিডিটেশন পলিসি পরিবর্তনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিএসপিএ। এমন সিদ্ধান্তকে বিএসপিএ কোনভাবেই সমর্থন করে না। তবে বিএসপিএ সবসময় চায় স্থায়ী এক্রিডিটেশন পলিসি তৈরি হোক। যার মাধ্যমে পেশাদারী দায়িত্ব সঠিকভাবে পালন করবে।
সাম্প্রতিক নানা ইস্যুতে বিসিবির সঙ্গে বিএসপিএ বারবার আলোচনার প্রস্তাব দিয়েছে। বিএসপিএ বিশ্বাস করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সামন হোসেন এমনটাই জানিয়েছেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
অনিক/