নিউওয়েলস ওল্ড বয়েজের সহ-সভাপতি হুয়ান ম্যানুয়েল মেদিনা বলেছেন, আর্জেন্টাইন ক্লাবটি লিওনেল মেসিকে তার শৈশবের ক্লাবে ফিরিয়ে আনতে একটি চুক্তি নিয়ে কাজ করছে। ৩৮ বছর বয়সী মেসি রোজারিওর ক্লাবের যুব দলে ৬ থেকে ১৩ বছর বয়স পর্যন্ত খেলেছেন। এরপর বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দেন।
গত অক্টোবরে মেসি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করেছেন এবং তিনি ফ্লোরিডায় তার জীবনে বেশ সন্তুষ্ট। তবে মেদিনা দাবি করেছেন যে নিউওয়েলস ২০২৭ সালের শুরুতে আর্জেন্টিনা অধিনায়ককে ক্লাবে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী, ‘আমরা ২০২৭ সালের প্রথমার্ধে লিও নিউওয়েলসের হয়ে খেলবে- এমন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছি।’
আর্জেন্টাইন এক মিডিয়ায় নিউওয়েলসের সহ-সভাপতি আরও বলেন, ‘এটি নির্ভর করবে আমরা অবকাঠামোর দিক থেকে কী দিতে পারি এবং একটি প্রতিযোগিতামূলক ক্রীড়া কাঠামো গড়ে তুলতে পারি কি না তার ওপর। বিষয়টি আলোচনা হয়েছে, ধারণাটি উত্থাপন করা হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এটি নিউয়েলসের চেয়েও বড় একটি প্রকল্প। এটি রোজারিও শহর, প্রদেশ এবং আর্জেন্টাইন ফুটবলের জন্য একটি প্রকল্প।’
মেসি কি নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরবেন?
আগেই বলা হয়েছে, মেসির সঙ্গে মায়ামির চুক্তি রয়েছে ২০২৮ পর্যন্ত। মেজর লিগ সকার (এমএলএস) ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত একটি ‘ট্রানজিশন সিজন’ পরিকল্পনা করছে, যাতে ওই গ্রীষ্ম থেকে তাদের প্রতিযোগিতা সূচি অন্যান্য বড় লিগের সঙ্গে সামঞ্জস্য করা যায়। ফলে সম্ভাব্য চুক্তির শর্তাবলি অস্পষ্ট রয়ে গেছে, যেমনটি মায়ামির আটবারের ব্যালন ডি’অরজয়ীর ওপর বিনিয়োগের প্রেক্ষাপটে এটি বাস্তবসম্মত হবে কি না সেটিও অনিশ্চিত।
মেসি নিজে একদিন নিউওয়েলসে ফেরার ইচ্ছার কথা বলেছেন, যদিও পরিবারের নিরাপত্তা ও শান্তিকে অগ্রাধিকার দেওয়ার কারণে তিনি এতে সন্দেহ প্রকাশ করেছেন। ২০১৭ সালে মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘আমি বহুবার বলেছি যে আমার স্বপ্ন নিউওয়েলসে খেলা, কিন্তু কী হবে আমি জানি না। আমার একটি পরিবার আছে এবং আমার সন্তানরাই প্রথম, তারপর আমি। আমি চাই তারা নিরাপদভাবে জীবন উপভোগ করতে পারে এমন একটি শান্ত জায়গায় বড় হোক।’
বিশেষজ্ঞের মতামত
ম্যানুয়েল ভেথ, ট্রান্সফারমার্কেটের নর্থ আমেরিকা এরিয়া ম্যানেজার এবং এমএলএস বিষয়ে বিশেষজ্ঞ, এই সম্ভাব্য স্থানান্তরকে অবাস্তব বলে মনে করেন।
তিনি বলেন, ‘মেসির নাম ইন্টার মায়ামি ছাড়ার সঙ্গে বারবার যুক্ত হওয়া সত্যিই আকর্ষণীয়। বার্সেলোনা এবং গালাতাসারাতে যাওয়ার মতো গুঞ্জন রয়েছে। দুটোই দূরকল্পনা, আর নিউওয়েলস তাকে সই করাতে চায়- এই সাম্প্রতিক প্রতিবেদনটিও তেমনই। ক্লাবটির তাকে ঘরে ফেরানোর আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু বাস্তবতা হলো তিনি সদ্য ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন। যতটুকু জানা গেছে, মেসির নিশ্চিত পারিশ্রমিক বছরে ২০.৪৫ মিলিয়ন ডলার।’
ভেথ আরও বলেন, ‘এ ছাড়া এমএলএসের লিগ পার্টনার অ্যাপল ও অ্যাডিডাসের কাছ থেকে আরও আয় আসে। এসব চুক্তি মিলিয়ে মেসি বছরে প্রায় ১০০ মিলিয়ন ডলার আয় করেন, যা তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রীড়াবিদদের একজন করে তোলে। এর পাশাপাশি ইন্টার মায়ামিতে মেসির সামান্য মালিকানা রয়েছে এবং ফোর্বস অনুযায়ী ক্লাবটির বর্তমান মূল্য ১.২ বিলিয়ন ডলার। নতুন ফ্রিডম পার্কে মেসির খেলা শুরু হলে এই মূল্যায়ন আরও বাড়বে, যা তার ক্লাব ছাড়ার সম্ভাবনাকে আরও কমিয়ে দেয়।’
অনিক/