ফুটবলের দেশ ইতালি ক্রিকেট বিশ্বকাপেও নিজেদের ছাপ রেখে চলেছে। আগের ম্যাচেই নেপালকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল দলটি। আজ তো টি-টোয়েন্টির সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রীতিমতো কাঁপিয়েই দিল।
ইডেন গার্ডেন্সে ‘সি’ গ্রুপের ম্যাচটিতে ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে অলআউট হওয়া ইতালি ১৭৮ রান তুলে। তাতে ২৪ রানের জয় পায় ইংল্যান্ড। স্কোর কার্ডের এই তথ্যটুকু ইংল্যান্ডের বড় জয়ের কথাই জানান দিবে। তবে পুরো ম্যাচ যারা দেখেছেন, তারা জানেন ইতালি কতটা লড়াই করেছে। যদিও বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রান ৩ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি। তবে জাস্টিন মোসকা, বেন মানেন্তি ও গ্র্যান্ড স্টুয়ার্টের ঝোড়ো ব্যাটিং একপর্যায়ে ইংলিশ সমর্থকদের মনে কাঁপুনি ধরিয়ে দেয় তারা। মোসকার সঙ্গে চতুর্থ উইকেটে ৪৮ বলে ৯২ রান যোগ করেন মানেন্তি। ৫ নম্বরে নামা মানেন্তি ২৫ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। ওপেন করতে নামা জাস্টিন মোসকা ৩৪ বলে ৭ চারে ৪৩ রান করেন। ১২তম ওভারে মানেন্তি ও ১৫তম ওভারে মোসকা ফিরে যাওয়ার পরও স্টুয়ার্টের ঝড়ে লড়াইয়ে ছিল ইতালি। জোফরা আর্চারের করা ১৭তম ওভারে স্টুয়ার্টের দুই ছক্কায় ১৩ রান তুলে ইতালি। ১৮তম ওভারে আদিল রশিদকে তো দুঃস্বপ্নই উপহার দিয়েছেন স্টুয়ার্ট। ৩ ছক্কায় এই ওভারে দলকে ২১ রান এনে দেন তিনি। তাতে শেষ ২ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে ৩০ রানের সমীকরণ দাঁড়ায় ইতালির সামনে। ১৯তম ওভারে মাত্র ৫ রান খরচায় স্টুয়ার্টকে বিদায় করেন স্যাম কারেন। তাতেই ইতালির লড়াই থমকে যায়। জেমি ওভারটনের করা শেষ ওভারে দুই উইকেট হারিয়ে কোনো রানই তুলতে পারেনি দলটি। ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন ওভারটন ও কারেন।
এর আগে ইংল্যান্ডের ২০০ ছাড়ানো স্কোরের পেছনে বড় অবদান উইল জ্যাকসের। ৪ ছক্কা ও ৩ চারে ২২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সঙ্গে অন্যদের ছোট ছোট ইনিংসে ৭ উইকেটে ২০২ রানের পুঁজি পায় ইংল্যান্ড।