ভেজা উইকেট। আগে বোলিং করার সিদ্ধান্ত তাই প্রোটিয়া অধিনায়কের। তবে প্রথম তিন ওভারেই ৩০ রান তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত। ডাগআউটে বসে থাকা অধিনায়ক এইডেন মার্করামের মুখে তখন কিছুটা উদ্বেগের ছাপ। তবে সেই দুশ্চিন্তা বেশিক্ষণ টেকেনি। দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রোটিয়া বোলাররা, আর গ্রুপ পর্বে শতভাগ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর ‘ডি’ গ্রুপের ম্যাচে আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। দিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে চারটি ক্যাচ মিস করলেও আমিরাতকে ১২২ রানে আটকে রাখতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়ায় তারা জয় নিশ্চিত করে ৪০ বল হাতে রেখেই।
বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হন করবিন বশ। ১২ রানে ৩ উইকেট নিয়ে তিনি আমিরাতের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। আগেই সুপার এইট নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, কেশাভ মহারাজ ও মার্কো ইয়ানসেনকে বিশ্রামে রাখে দক্ষিণ আফ্রিকা।
রাবাদা ও ওয়াসিমের শুরুটা আশা জাগালেও পঞ্চম ওভারে স্পিন আক্রমণে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জর্জ লিন্ডার। ওয়াসিম (১২ বলে ২২) ও আরিয়ানশ শার্মার বিদায়ের পর আর বড় কোনো জুটি গড়ে ওঠেনি। তিন নম্বরে নামা আলিশান শারাফু ৩৮ বলে ৪৫ রান করলেও সঙ্গীর অভাবে লড়াই দীর্ঘ হয়নি।
সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দক্ষিণ আফ্রিকা। মার্করাম, রিকলটন ও ডেওয়াল্ড ব্রেভিসের ছোট কিন্তু কার্যকর ইনিংসেই অনায়াস জয় পায় তারা। চার ম্যাচের চারটিতেই জিতে সুপার এইটের মঞ্চে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। আর এক জয়ে বিশ্বকাপ অভিযান শেষ হয় আমিরাতের।