‘চীনের সঙ্গে খেলতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার যে, আমরা চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলব। তাদের থেকে আমরা অনেক কিছু শিখব। তবে মাঠে তো আর ছেড়ে দেব না। আমরা অবশ্যই লড়াই করব। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’- ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে এভাবেই বললেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। তার কণ্ঠে একই সঙ্গে রোমাঞ্চ ও আত্মবিশ্বাসের পরশ।
মঙ্গলবার (৩ মার্চ) শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। মুহূর্তটা বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিকই। তবে প্রতিপক্ষ যখন ৯ বারের চ্যাম্পিয়ন চীন, তখন ভয় জাগাটাও স্বাভাবিক। এশিয়ান কাপের অভিষেক ম্যাচে না জানি আবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়! তবে বাংলাদেশ দল যে এসব নিয়ে একেবারেই ভাবছে না, তা আফঈদার ওই কথাতেই পরিষ্কার।
পুরো বাংলাদেশ দলই আসলে এই মুহূর্তে রোমাঞ্চ নিয়ে এশিয়ান মঞ্চে অভিষেকের অপেক্ষায়। আর র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা চীনের বিপক্ষে যতটা সম্ভব ভালো খেলার প্রতিজ্ঞাও দিচ্ছে তারা।
বাংলাদেশ কোচ পিটার বাটলার বাংলাদেশ-চীন লড়াইকে ডেভিড ও গোলিয়াথের লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। এরপরও তিনি বলে দিয়েছেন চীনের বিপক্ষে কৌশল বদলাবেন না তিনি।
তিনি বলেন, ‘আমাদের একটা গেম প্ল্যান থাকবে। আমি যেভাবে খেলতে চাই, সেভাবে আমরা জিতব, হারব বা ড্র করব। কিন্তু আমরা বাস পার্কিং (ডিফেন্সিভ) ফুটবল খেলব না। ফলাফল যাই হোক না কেন।’
বাটলার পরিষ্কার করেছেন তার দল বরাবরের মতো হাইলাইন ডিফেন্স কৌশলেই খেলবে। এমনকি সেটি পরিষ্কার করেছেন আফঈদাও, ‘বরাবরের মতো যেভাবে আমরা হাইলাইন ডিফেন্স খেলে আসছি, ওভাবেই খেলার চেষ্টা করব। কোচ যেভাবে বলবে, আমরা সেভাবেই খেলার চেষ্টা করব।’
তোফায়েল/এসজি/