আর্জেন্টিনা-স্পেনের ‘ফাইনালিসিমা’ ম্যাচটি আদৌ হবে? হলে কোথায় অনুষ্ঠিত হবে? এ নিয়ে আগামীকাল (৪ মার্চ) সিদ্ধান্ত জানাবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবল প্রধানরা। তার আগে দুই পক্ষ শেষবারের মতো একটি বৈঠকও করবে। এরই মধ্যে রয়টার্স জানিয়েছে, দোহা নিয়ে অনিশ্চয়তার পর লন্ডনই এখন সবচেয়ে সম্ভাব্য ভেন্যু।
সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং আরব উপদ্বীপে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর কাতার ফুটবল অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য সব ফুটবল টুর্নামেন্ট স্থগিত করায় কাতারে ম্যাচ আয়োজনের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে পড়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) দ্রুত সমাধানের পক্ষে চাপ দিচ্ছে। কারণ মার্চের আন্তর্জাতিক বিরতি জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে।
স্পেন কোচ লুইস দি লা ফুয়েন্তে গত সোমবার স্প্যানিশ পাবলিক রেডিওকে বলেন, ‘আমি জানি আলোচনা চলছে। প্রথমত, সমাজ হিসেবে আমাদের সংঘাত বন্ধ হওয়াই কাম্য। কিন্তু যখন আপনি এর ভেতরে থাকেন এবং জানেন না কতদিন চলবে, তখন সেখানে খেলা সম্ভব না হলে দ্রুত বিকল্প ভেন্যু খুঁজে বের করাই সমাধান।’
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ২০২২ ফাইনালিসিমা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আর্জেন্টিনা ইতালিকে হারায়। এই ভেন্যুতে আগামী ২৭ মার্চ ইংল্যান্ড-উরুগুয়ে ম্যাচ নির্ধারিত রয়েছে। তবুও লন্ডনে বড় ম্যাচ আয়োজনের মতো আরও স্টেডিয়াম থাকায়, দোহা বাতিল হলে ইংলিশ রাজধানীই সবচেয়ে সম্ভাব্য বিকল্প- এমনটাই জানিয়েছে সূত্রগুলো।
অনিক/