শিরোপা লড়াইয়ে আজ (৮ মার্চ) মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। দুই দলের ফাইনাল আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচে বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ভারী বর্ষণ হলেও সমস্যা নেই। কেননা, সেমিফাইনালের মতো ফাইনালের জন্যও রাখা হয়েছে রিজার্ভ ডে।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বড় ম্যাচে বৃষ্টি হলে প্রথম চেষ্টা থাকবে নির্ধারিত দিনেই ম্যাচ শেষ করার। প্রয়োজনে ম্যাচের ওভার কমিয়ে খেলা সম্পন্ন করার চেষ্টা করা হবে। যদি ফাইনাল শেষ করা সম্ভব না হয়, তাহলে চলে যাবে রিজার্ভ ডেতে। পরের দিন আবার খেলা চালানো হবে। তবে ম্যাচ নতুন করে শুরু হবে না; যেখানে খেলা থেমেছিল, সেখান থেকেই আবার শুরু হবে।
যদি রিজার্ভ ডেতেও বৃষ্টির কারণে কোনো ফলাফল বের করা সম্ভব না হয়, তাহলে দুই দলকেই যৌথভাবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ম্যাচ টাই হলে বিজয়ী নির্ধারণের জন্য সুপার ওভার খেলা হবে। সুপার ওভার টাই হলে আবার সুপার ওভার হবে। এভাবে স্পষ্ট ফল না পাওয়া পর্যন্ত সুপার ওভার চলতে থাকবে।
অনিক/