লামিনে ইয়ামালের দুর্দান্ত এক গোলে আথলেটিক বিলবাওকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। শনিবার (৭ মার্চ) রাতে লা লিগায় এই জয়ে জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল কাতালান ক্লাবটি। ১৮ বছর বয়সি ইয়ামাল ম্যাচের ৬৮ মিনিটে দারুণ এক শটে গোল করে দুই দলের ব্যবধান গড়ে দেন। সান মামেস স্টেডিয়ামে তার ওই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
এই জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা (৬৭ পয়েন্ট) দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে চার পয়েন্ট এগিয়ে আছে। অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে এবং তৃতীয় স্থানে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।
বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক মঙ্গলবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ সামনে থাকায় দলে কিছু পরিবর্তন আনেন। ফলে প্রথমার্ধে বার্সেলোনার খেলায় ছন্দের অভাব ছিল এবং বড় সুযোগও খুব কম তৈরি হয়।
ফ্লিক ম্যাচ শেষে বলেন, ‘সবাই লড়াই করেছে, দল হিসেবে রক্ষণ করেছে এবং আমরা আবার ক্লিন শিট পেয়েছি, এটা খুব গুরুত্বপূর্ণ। একটি ম্যাচ কমে গেল এবং তিন পয়েন্ট যোগ হলো, পরিস্থিতি একদম নিখুঁত।’
অনিক/