ওয়াংখেড়েতে ৪৯৯ রানের রোমাঞ্চকর ম্যাচের উত্তাপ এখনো পুরোপুরি থামেনি। সেই ম্যাচে ভারতের ওপেনার সঞ্জু স্যামসন প্রশংসায় ভাসছেন, আর সেঞ্চুরি করেও ইংল্যান্ডের তরুণ জ্যাকব বেথেল আছেন হতাশায়। তবে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মুগ্ধ নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনে। তার বিশ্বাস, ফাইনালে ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেন অ্যালেনই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন অ্যালেন। ৮টি ছক্কা ও ১০টি চারে সাজানো সেই ইনিংসে তিনি ভেঙেছেন ক্রিস গেইলের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড (৪৭ বলে, ২০১৬)। অ্যালেনের বিস্ফোরক ব্যাটিংয়েই কিউইরা এখন শিরোপার স্বপ্ন দেখছে।
শক্তিশালী গড়নের কারণে অনেকেই তাকে বেসবল তারকার মতো মনে করেন। ভন তার তুলনা টেনেছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেনের সঙ্গে। তার মতে, বোলাররা রানআপে যাওয়ার সময় ব্যাট হাতে অ্যালেনকে দেখে ভড়কে যেতে পারেন–এ যেন সামনে দাঁড়িয়ে থাকা এক দানব।
অকল্যান্ডে জন্ম নেওয়া ২৬ বছর বয়সী এই ব্যাটার আসরে সেমির আগে বড় ইনিংস খেলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে; ৫০ বলে অপরাজিত ৮৪। তবে ধারাবাহিকতার ঘাটতিই তার বড় দুর্বলতা। সেই সুযোগ কাজে লাগিয়ে শিরোপা ধরে রাখার আশা করছে ভারত।
চঞ্চল/অনিক/