ব্লেসিং মুজারাবানি আইপিএলে চুক্তি নিশ্চিত করার পর ২০২৬ সালের পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলবেন না। জিম্বাবুয়ের এই ফাস্ট বোলার পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ইসলামাবাদকে জানিয়েছেন। শুক্রবার কলকাতা নাইট রাইডার্স তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
মুজারাবানি দলে যোগ দিয়েছেন এমন এক পরিস্থিতিতে যখন ভারতীয় বোর্ড ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই) গত ডিসেম্বর মাসে কেকেআরকে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। ২০২৬ সালের আইপিএল নিলামে মুস্তাফিজুরকে ৯.২ কোটি রুপি (প্রায় ১.০২ মিলিয়ন ডলার) দিয়ে কিনেছিল কেকেআর।
পরে মোস্তাফিজ পিএসএল দল লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন। পিএসএল শুরু হবে ২৬ মার্চ, যা আইপিএল শুরুর মাত্র দুই দিন আগে।
মুজারাবানি এর আগে মুলতান সুলতানসের হয়ে একটি পিএসএল শিরোপা জিতেছেন। গত ১১ ফেব্রুয়ারি পিএসএল নিলামে শুরুতে তিনি দল পাননি। তবে পরে ইসলামাবাদ ইউনাইটেড ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফকে ছেড়ে দিলে সরাসরি চুক্তিতে মুজারাবানিকে দলে নেয়।
টানা দ্বিতীয় বছরের মতো একই সময়ে পিএসএল ও আইপিএল অনুষ্ঠিত হওয়ায় আবারও এমন ঘটনা ঘটল, যেখানে পিএসএলের কোনো দল আগে চুক্তি করলেও পরে সেই খেলোয়াড় আইপিএলে চলে গেছেন। গত বছর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কর্বিন বোশকে পেশোয়ার জালমি নিয়েছিল। কিন্তু পরে ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে তাকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
এর ফলে পিএসএল থেকে সরে দাঁড়ানোর কারণে বোশকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল লিগ কর্তৃপক্ষ। মুজারাবানির ক্ষেত্রেও একই ধরনের শাস্তি হবে কি না তা জানা যাবে সঠিক সময়ে।
সদ্য সমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুজারাবানি দারুণ পারফরম্যান্স করেন। তার বোলিংয়ে জিম্বাবুয়ে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে ওঠে। তিনি ছয় ম্যাচে ১৩ উইকেট নেন, যা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে ওঠা থেকে মাত্র এক উইকেট কম ছিল। এর মধ্যে চারটি উইকেট আসে শুরুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের বড় জয়ের ম্যাচে।
অনিক/