ইন্ডিয়ান ওয়েলসের ফাইনাল নিশ্চিত করেছে এলেনা রাইবাকিনা। শুক্রবার (১৩ মার্চ) রাতে সেমিফাইনালে এলিনা সভিতোলিনার বিপক্ষে সরাসরি সেটে জয়ে পেয়েছেন তিনি। প্রতিপক্ষকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে হারিয়ে আগামী সোমবারের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আরিনা সাবালেঙ্কাকে পেয়েছেন রাইবাকিনা।
দুইবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রাইবাকিনা প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে বিশ্বের দুই নম্বরে উঠতে যাচ্ছেন। নবম র্যাঙ্কধারী সভিতোলিনার বিপক্ষে তিনি শক্তিশালী শট ও ধারাবাহিক আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিলেন। সভিতোলিনা কোয়ার্টার ফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন ইগা সোয়াতেককে তিন সেটে হারিয়ে এই ম্যাচে এসেছিলেন।
এর আগে দিনের আরেক সেমিফাইনালে আরিনা সাবালেঙ্কা ১৪তম বাছাই লিন্ডা নস্কোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। এটি ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সাবালেঙ্কার তৃতীয় ফাইনাল।
ক্যারিয়ারের মুখোমুখি লড়াইয়ে রাইবাকিনা বর্তমানে সাবালেঙ্কার বিপক্ষে ৮-৭ ব্যবধানে পিছিয়ে থাকলেও শেষ দুই সাক্ষাতে তিনি জয় পেয়েছেন। এর একটি ছিল গত বছরের ডব্লিউটিএ ফাইনালসের ফাইনালে এবং আরেকটি ছিল অস্ট্রেলিয়ান ওপেনে, যেখানে তিনি নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন।
অনিক/