মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মেজাজ হারিয়ে শাস্তি পেলেন সালমান আলী আঘা। তাকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।
গতকাল (১৩ মার্চ) ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। তখন অস্বাভাবিক এক পরিস্থিতিতে মিরাজের হাতে রান আউট হন সালমান, যা পাকিস্তানি ব্যাটারকে দৃশ্যতই হতাশ করে তোলে। ঘটনাটি ঘটে যখন মোহাম্মদ রিজওয়ান মিরাজের ডেলিভারি থেকে বলটি বোলারের দিকেই ঠেলে দেন।
বলটি নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা সালমানের দিকে যায়। মিরাজ বল তুলতে সামনে এগোতেই বল সংগ্রহ করতে গিয়ে দুজনের মধ্যে সামান্য জটলা তৈরি হয়। সালমান তখনও ক্রিজের বাইরে থাকায় দুজনেই বলটি তুলতে চেষ্টা করেন। মিরাজ আগে বলটি তুলে নেন এবং দ্রুত থ্রো করে স্টাম্প ভেঙে দেন।
তবে সিদ্ধান্তে অসন্তুষ্ট সালমান ড্রেসিংরুমে ফেরার সময় উইকেটকিপার লিটন দাসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। ক্রিজ ছাড়ার আগে তাকে নিজের গ্লাভস ছুড়ে ফেলতেও দেখা যায়। এ কারণে ম্যাচ রেফারি নাঈমুর রশিদ তার বিরুদ্ধে ক্রিকেট সরঞ্জাম অপব্যবহারের অভিযোগ আনেন।
এই অপরাধটি ছিল লেভেল–১ পর্যায়ের, যা আইসিসির আচরণবিধির ধারা ২.২ ভঙ্গের আওতায় পড়ে। এই ধারা আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম বা মাঠের যন্ত্রপাতি অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত। ম্যাচে পাকিস্তান ডিএলএস পদ্ধতিতে ১২৮ রানে জয় পায় এবং সিরিজে টিকে থাকে। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে একই ভেন্যুতে রবিবার অনুষ্ঠিত হবে।
অনিক/