পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান দলের কোনো খেলোয়াড়কে জরিমানা করা হয়নি।
শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে পিসিবির মুখপাত্র আমির মির গণমাধ্যমে প্রকাশিত জরিমানার খবরগুলোকে ভিত্তিহীন বলে জানান। তিনি বলেন, দলের কোনো খেলোয়াড়ের ওপর এখন পর্যন্ত কোনো আর্থিক শাস্তি আরোপ করা হয়নি।
আমির মির জানান, যদিও বোর্ড খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে দায়বদ্ধতা আরও বাড়ানোর বিষয়ে একটি নতুন নীতিমালা নিয়ে ভাবছে। তার মতে, খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করলে বিভিন্ন ধরনের প্রণোদনা পেয়ে থাকেন, তাই পারফরম্যান্সের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে পাকিস্তান দলের একজন ক্রিকেটার বছরে প্রায় ৬ থেকে ৭ কোটি পাকিস্তানি রুপি আয় করেন। এ কারণে খেলোয়াড়দের পারফরম্যান্সের বিষয়ে তাদের আরও জবাবদিহিতার মধ্যে আনার পরিকল্পনা করছে বোর্ড।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারায় পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করা হয়েছে। তবে পিসিবি সেই খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে।
পাকিস্তান ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির আওতায় মাসিক রিটেইনার পান। এর পাশাপাশি ম্যাচ ফি, সফর ভাতা এবং ম্যাচ জয়ের ওপর ভিত্তি করে বোনাসও দেওয়া হয়। এ ছাড়া বোর্ডের বিভিন্ন স্পনসরশিপ চুক্তি থেকেও খেলোয়াড়রা একটি অংশ পান।
গত বছর সিদ্ধান্ত নেওয়া হয় যে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে পিসিবি যে বার্ষিক রাজস্ব পায়, তার তিন শতাংশও খেলোয়াড়দের দেওয়া হবে। আইসিসি থেকে পিসিবি বছরে প্রায় ৩৪ মিলিয়ন মার্কিন ডলার পেয়ে থাকে।
অনিক/