বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমজাদ হোসেন। প্রতিবাদ হিসেবে বিসিবি থেকে পদত্যাগ করেছেন তিনি। গত রবিবার (২২ মার্চ) বিসিবি ঘোষণা দেয় যে পরিচালক মোখসেদুল কামাল মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন। এরপরই আমজাদ বোর্ডে তার পদত্যাগপত্র জমা দেন।
বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘মি. কামাল, যিনি আগে কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি অক্টোবর ২০২৫ থেকে এই দায়িত্ব পালন করা আমজাদ হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।’
আমজাদ ক্রিকবাজকে বলেন, ‘আমাকে কেন আমার পদ (বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান) থেকে সরানো হয়েছে এবং আমার কী ঘাটতি ছিল, তা আমি জানি না। তারা শুধু বলেছে আমাকে বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। এরপরই আমি বোর্ড থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিই। আপনি বলতে পারেন, আমার এই পদত্যাগ একটি প্রতিবাদ।’
বিতর্কিত বিসিবি নির্বাচন নিয়ে সরাসরি সমালোচনা এড়ালেও অংশগ্রহণ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেন আমজাদ। তিনি বলেন, ‘আগে অনেক প্রিমিয়ার লিগ ক্লাবের প্রতিনিধি থাকত। এবার সংখ্যা কম। অনেক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন- এটা আগে হয়তো হয়নি। অংশগ্রহণের দিক থেকে এটি আরও স্বচ্ছ হতে পারত। আরও ভালো হতে পারত। হয়তো আরও স্বচ্ছ হওয়া উচিত ছিল।’
তিনি বলেন, ‘এ ধরনের প্রশ্ন অস্বাভাবিক নয়। যেকোনো নির্বাচনে এমন হতে পারে। শক্তিশালী দেশগুলোতেও নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে, এটা চলমান প্রক্রিয়া।’
আমজাদ জানান, নির্বাচন সংক্রান্ত অনিয়ম তদন্তে কমিটি গঠন করায় বিসিবির পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে সতর্ক করার সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে তিনি অবগত নন, কারণ তিনি প্রায় ১০ দিন দেশের বাইরে ছিলেন। তিনি বলেন, ‘আমি কারও সঙ্গে যোগাযোগে ছিলাম না। কী হয়েছে বলতে পারছি না।’
বিসিবির বর্তমান বোর্ড থেকে পদত্যাগ করা দ্বিতীয় পরিচালক হলেন আমজাদ। এর আগে পরিচালক ইশতিয়াক হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন।
অনিক/