দেশের ক্রিকেটে এমন কিছু নাম আছে, যা শুধুই পরিসংখ্যান নয়- একটা আবেগ, একটা যুগের প্রতিচ্ছবি। সাকিব আল হাসান তেমনই একজন, যার নাম উচ্চারণ মানেই আস্থা, লড়াই আর অনুপ্রেরণার গল্প। বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডারের জন্মদিন আজ। ৩৯ বছর ছুঁল তার বয়স।
মাগুরার সবুজ মাঠে ক্রিকেটে হাতেখড়ি। ছোট শহরের সেই ছেলেটি খুব দ্রুতই নিজের প্রতিভার জানান দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিনি প্রমাণ করে গেছেন- বাংলাদেশও বিশ্বসেরা অলরাউন্ডার পেয়েছে।
ব্যাট হাতে নির্ভরতা, বল হাতে কার্যকারিতা- এই দুইয়ের নিখুঁত সমন্বয়েই সাকিব নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিরের র্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষ অলরাউন্ডার থাকা শুধু কৃতিত্ব নয়, এটি ধারাবাহিকতার এক অসাধারণ উদাহরণ।
দীর্ঘ ক্যারিয়ারে সাকিবের অর্জনের অভাব নেই। ৭১ টেস্টে তার রান ৪৬০৯, ২৪৭ ওয়ানডেতে ৭৫৭০ এবং ১২৯ টি-টোয়েন্টিতে ২৫৫১। টেস্ট সেঞ্চুরি ৫টি, ওয়ানডেতে ৯টি। তিন ফরম্যাট মিলিয়ে ছুঁয়েছেন হাফসেঞ্চুরির ‘সেঞ্চুরি’। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ৭১২ উইকেট, যা তাকে করে তুলেছে দেশের সর্বকালের সেরা অলরাউন্ডার।
কিংবদন্তি সাকিবকে আরও একবার বাংলাদেশের জার্সিতে ফিরে পেতে মরিয়া ক্রিকেটপ্রেমিরা। এ নিয়ে কাজও করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবও আশাবাদী ফের লাল-সবুজ জার্সি জড়িয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন বাংলাদেশের।
অনিক/