চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এই হারের পর রেফারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। দ্বিতীয়ার্ধে পেনাল্টি না পাওয়া এবং প্রথমার্ধে পাউ কুবার্সিকে লাল কার্ড দেখানো নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন তিনি।
ম্যাচের ৫৩ মিনিটে বিতর্কের সূত্রপাত। বার্সেলোনা পেনাল্টির দাবি তোলে, যখন গোলরক্ষক হুয়ান মুসো গোলকিক নেওয়ার পর ডিফেন্ডার মার্ক পুবিল l বক্সের ভেতরে বল হাতে স্পর্শ করেন বলে অভিযোগ ওঠে। তবে রেফারি ইস্তাভান কোভাস খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং ভিএআর থেকেও তাকে মনিটরে ডাকা হয়নি।
ম্যাচ শেষে স্প্যানিশ সম্প্রচারমাধ্যমকে ফ্লিক বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন ভিএআর ব্যবহার করা হলো না। রেফারি ভালো, আমরা সবাই ভুল করি। কিন্তু ভিএআরের প্রয়োজনই বা কী, যদি এমন পরিস্থিতিতে ব্যবহার না করা হয়? এটা পেনাল্টি হওয়া উচিত ছিল, দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ডও হতে পারত।’
তবে ভিন্ন মত দেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। তিনি বলেন, ‘এটা সাধারণ বুদ্ধির ব্যাপার। রেফারি যেভাবে দেখেছেন, সেভাবেই সিদ্ধান্ত দিয়েছেন। আমরা চাইলে অনেকভাবে ব্যাখ্যা করতে পারি, কিন্তু তিনি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন।’
এর আগে, ৪৪ মিনিটেই ১০ জনে পরিণত হয় বার্সেলোনা, যখন শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করায় কুবার্সিকে লাল কার্ড দেখানো হয়। সেই ফ্রি-কিক থেকেই দুর্দান্ত গোল করেন জুলিয়ান আলভারেজ। পরে দ্বিতীয়ার্ধে আরেক গোল করে জয় নিশ্চিত করেন আলেকজান্ডার সোরলথ।
লাল কার্ড নিয়েও প্রশ্ন তুলেছেন ফ্লিক। তার কথায়, ‘আমি নিশ্চিত নই, গুরুতর ট্যাকল ছিল কি না। বলটা তার পেছনে ছিল। এটা ফাউল হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু অন্য পরিস্থিতিতে হ্যান্ডবল হলে সিদ্ধান্ত খুব পরিষ্কার হয়।’
অনিক/