বার্সেলোনা তাদের ক্ষোভ মাঠের ডাগআউট ছাড়িয়ে উয়েফার কাছেও পৌঁছে দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ঘরের মাঠে ২-০ গোলে হারের ম্যাচে রেফারিং নিয়ে তারা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল দ্বিতীয়ার্ধের শুরুর একটি ঘটনা, যখন বার্সেলোনা পেনাল্টির দাবি তোলে। আতলেতিকো গোলরক্ষক হুয়ান মুসো গোল কিক থেকে বল খেলায় ফেরানোর পর ডিফেন্ডার মার্ক পুবিল ছয় গজ বক্সের ভেতরে হাত দিয়ে বল স্পর্শ করেন বলে অভিযোগ ওঠে।
রেফারি ইস্তভান কোভাচ খেলা চালিয়ে যেতে বলেন এবং ভিএআর দলও তাকে মনিটরে ডাকেনি, যা বার্সেলোনার বেঞ্চে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘বার্সেলোনা জানাচ্ছে যে, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ক্লাবের আইন বিভাগ উয়েফার কাছে একটি অভিযোগ জমা দিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘অভিযোগটি একটি নির্দিষ্ট ঘটনার ওপর ভিত্তি করে। ম্যাচের ৫৪তম মিনিটে, খেলা সঠিকভাবে পুনরায় শুরু হওয়ার পর প্রতিপক্ষের একজন খেলোয়াড় তাদের বক্সের ভেতরে বল হাতে তুলে নেয়, কিন্তু এর জন্য কোনো পেনাল্টি দেওয়া হয়নি।’
‘বার্সেলোনা মনে করে, এই সিদ্ধান্ত এবং ভিএআরের গুরুতর হস্তক্ষেপের অভাব একটি বড় ধরনের ভুল। তাই ক্লাবটি তদন্ত শুরু করা, রেফারিং সংক্রান্ত যোগাযোগের তথ্য পাওয়ার সুযোগ এবং প্রয়োজন হলে ভুল স্বীকার ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।’
এ ধরনের ঘটনার ব্যাখ্যা আগে ভিন্ন ভিন্নভাবে দেওয়া হয়েছে। ২০২৪ সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস গোলরক্ষক ডেভিড রায়ার রিস্টার্টের পর বল স্পর্শ করলেও পেনাল্টি দেওয়া হয়নি।
পরে ২০২৪ সালেই অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ডিফেন্ডার টাইরন মিংসকে ঘিরে অনুরূপ ঘটনায় ভিএআর হস্তক্ষেপ করে ক্লাব ব্রুগেকে পেনাল্টি দেওয়া হয়।
অনিক/