রাজস্থান রয়্যালসের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী শনিবার (২৫ এপ্রিল) রাতে সানরাইজার্স হায়দরবাদের বোলিং আক্রমণকে কার্যত তছনছ করে দেন। কিশোর এই ব্যাটার মাত্র ৩৬ বলে তার দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি হাঁকান। তার ইনিংসে ছিল ১২টি ছক্কা ও ৫টি চার এবং স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৭৮.৩৮।
সূর্যবংশী এখন আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার, যিনি ৪০ বলের কমে দুটি সেঞ্চুরি করেছেন। তার প্রথম আইপিএল সেঞ্চুরি আসে ২০২৫ সালে, যখন তিনি গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।
আইপিএলের ইতিহাসে সূর্যবংশীর সবচেয়ে কাছাকাছি ছিলেন গেইল। তার দ্রুততম সেঞ্চুরি ছিল ৩০ বলে, ২০১৩ সালে। তবে তার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ছিল ৪৬ বলে। এই দিক থেকে সূর্যবংশী গেইলকে ছাড়িয়ে গেছেন। এখন পর্যন্ত আইপিএলে মাত্র আটবার ৪০ বলের কমে সেঞ্চুরি হয়েছে, আর সূর্যবংশীই একমাত্র যিনি এমন দুটি সেঞ্চুরি করেছেন।
১৫ বছর বয়সি সূর্যবংশী মাত্র ৪৭৩ বলে ১০০০ আইপিএল রান পূর্ণ করে দ্রুততম এই মাইলফলকও ছুঁয়েছেন, যেখানে তিনি মিচেল ওয়েন এবং অ্যান্ডু সাইমন্ডসকে পেছনে ফেলেছেন।
অনিক/