বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। তাদের জনসংখ্যা ১.৪৬ বিলিয়নের বেশি। সামান্য কমে (১.৪২ বিলিয়নের বেশি) তালিকার দ্বিতীয় স্থানে চীন। সবচেয়ে জনবহুল দুই দেশে ২০২৬ বিশ্বকাপ দেখা যাবে কি না, এ নিয়ে জেগেছে শঙ্কা। কারণ ভারতে সম্প্রচার স্বত্ব নিয়ে অচলাবস্থার দূর করতে পারেনি ফিফা। চীনেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ফিফার তথ্য অনুযায়ী, ২০২২ বিশ্বকাপের সময় বৈশ্বিকভাবে ডিজিটাল ও সোশ্যাল প্ল্যাটফর্মে মোট ভিউয়িং ঘণ্টার ৪৯.৮ শতাংশই এসেছিল চীন থেকে। একই অবস্থা ভারতে। ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তারা ইতোমধ্যে বিশ্বজুড়ে অন্তত ১৭৫টি অঞ্চলে সম্প্রচারকদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে।
ওই বিবৃতিতে বলা হয়, ‘চীন ও ভারতে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া স্বত্ব বিক্রি নিয়ে আলোচনা চলছে এবং এই মুহূর্তে তা গোপন রাখা প্রয়োজন।’ এই পর্যায়ে এসে ভারত বা চীনের সঙ্গে নিশ্চিত সম্প্রচার চুক্তি না হওয়া অস্বাভাবিক। আগের বিশ্বকাপগুলোতে, বিশেষ করে ২০১৮ ও ২০২২ আসরে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চীন সেন্ট্রাল টেলিভিশন আগেভাগেই স্বত্ব নিশ্চিত করেছিল এবং টুর্নামেন্টের কয়েক সপ্তাহ আগে থেকেই প্রচারণা ও স্পনসর-নির্ভর বিজ্ঞাপন সম্প্রচার শুরু করেছিল।
২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। ফলে চুক্তি চূড়ান্ত করা, সম্প্রচার অবকাঠামো প্রস্তুত করা এবং বিজ্ঞাপনের জায়গা বিক্রির জন্য হাতে আছে মাত্র পাঁচ সপ্তাহ।
অনিক/