ইতালিয়ান ফুটবলে মৌসুমটা যেন পুরোপুরি ইন্টার মিলানেরই। সিরি’আ শিরোপা জয়ের পর এবার কোপা ইতালিয়াও নিজেদের করে নিয়েছে মিলানের ক্লাবটি। বুধবার (১৩ মে) রাতে রোমের স্তাদিও অলিম্পিকোতে ফাইনালে লাজিওকে ২-০ গোলে হারিয়ে ঘরোয়া ‘ডাবল’ পূর্ণ করেছে ইন্টার।
ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় ইন্টার। কয়েকদিন আগেই একই ভেন্যুতে লাজিওকে ৩-০ গোলে হারিয়ে সিরি’আ শিরোপা নিশ্চিত করেছিল তারা। সেই আত্মবিশ্বাসের ছাপ ছিল গতকালের ফাইনালেও।
১৪ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করতে গিয়ে ভুল করেন লাজিও ডিফেন্ডার অ্যাডাম মারুসিচ। তার হেডই জড়িয়ে যায় নিজেদের জালে, এগিয়ে যায় ইন্টার। গোলের পরও চাপ ধরে রাখে ইন্টার। ডান প্রান্তে দারুণ সক্রিয় ছিলেন ডেনজেল ডামফ্রাইস। এক পর্যায়ে কাছ থেকে নেওয়া তার ভলি কোনোমতে ঠেকায় লাজিও রক্ষণভাগ।
প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে আরও বড় ভুল করে বসে লাজিও। নিজেদের অর্ধে বল হারান নুনো তাভারেস। সুযোগটি কাজে লাগান মার্কাস থুরাম। তার নিচু ক্রস থেকে সহজ ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লাউতারো মার্টিনেজ।
এই জয়ে ইন্টার নিজেদের ইতিহাসে ১০ম কোপা ইতালিয়া শিরোপা জিতল। ২০২৩ সালের পর আবারও ট্রফিটি ঘরে তুলল তারা। সব মিলিয়ে মিলান ক্লাবটির জন্য এটি ছিল এক দাপুটে ও স্মরণীয় মৌসুমের পরিপূর্ণ সমাপ্তি।
অনিক/