আগামী মাসে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি। এর মধ্যেই শনিবার ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) প্রধানের সঙ্গে বৈঠককে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছেন ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম।
ইস্তাম্বুলে এফএফআইআরআই সভাপতি মেহদি তাজের সঙ্গে বৈঠক করেন গ্রাফস্ট্রম। রয়টার্সকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৈরিতা তৃতীয় মাসে গড়ালেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তিনি আত্মবিশ্বাসী।
গ্রাফস্ট্রম বলেন, ‘ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো ও গঠনমূলক বৈঠক হয়েছে। আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং তাদের ফিফা বিশ্বকাপে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’
ইরান তাদের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে বলে সূচি নির্ধারিত আছে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে তারা। এরপর একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচ খেলবে।
ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেই অনুরোধ নাকচ করে দেন।
২০২২ সাল থেকে ইরানের ফুটবল সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তাজ। এর আগে তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসে (আইআরজিসি) দায়িত্বে ছিলেন। আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার কারণে চলতি মাসের শুরুতে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে প্রবেশের অনুমতি পাননি ৬৬ বছর বয়সি এই কর্মকর্তা।
বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্র আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে এবং ওই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ দেশে প্রবেশের অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে।
তবে ইরানি খেলোয়াড়দের ভিসা ও প্রবেশসংক্রান্ত বিষয় নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলতে চাননি গ্রাফস্ট্রম। তাজের সঙ্গে আলোচনায় মূলত পরিচালনাগত বিষয়গুলোই গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, ‘আমরা সব প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছি, তবে বিস্তারিত প্রকাশ করার এটি উপযুক্ত জায়গা নয়। সামগ্রিকভাবে এটি খুবই ইতিবাচক বৈঠক ছিল এবং আমরা এই সংলাপ অব্যাহত রাখার অপেক্ষায় আছি।’
রয়টার্সকে তাজও জানিয়েছেন, গ্রাফস্ট্রম ও ফিফার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক ইতিবাচক ছিল। তিনি বলেন, ‘আমি আনন্দিত যে তারা ইরানের উত্থাপিত ১০টি বিষয় মনোযোগ দিয়ে শুনেছে এবং প্রতিটির জন্য সমাধানের প্রস্তাব দিয়েছে। আল্লাহর রহমতে আশা করি, আমাদের জাতীয় দল কোনো সমস্যা ছাড়াই বিশ্বকাপে যেতে পারবে এবং ভালো ফল অর্জন করবে।’
ইরান দল সোমবার (আগামীকাল) তেহরান ছাড়বে এবং তুরস্কে একটি প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে। যুক্তরাষ্ট্রে তাদের বেস ক্যাম্প হবে অ্যারিজোনার টুকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্সে। জুনের শুরুতে সেখানে যাওয়ার কথা রয়েছে দলটির।
অনিক/