বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ২০২৫ সালটা ছিল হামজা চৌধুরীময়। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের গত বছরটিতেই লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়। তার আগমনে দেশের ফুটবল উন্মাদনা পেয়েছে নতুন মাত্রা। মাঠের বাংলাদেশও বদলে গেছে। মাঠ ও মাঠের বাইরে দারুণ প্রভাব রাখা এই ফুটবলার এবার জায়গা করে নিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায়।
মর্যাদার এই পুরস্কারে হামজার সঙ্গে লড়াইয়ে আছেন নারী ফুটবরের সুপারস্টার ঋতুপর্ণা চামকা ও হকির তরুণ তুর্কি আমিরুল ইসলাম। গত বছর ঋতুপর্ণার অবিশ্বাস্য পারফরম্যান্সে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আর আমিরুল আলো ছড়ান জুনিয়র হকি বিশ্বকাপে। প্রথমবার বিশ্বমঞ্চে অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে একাই ১৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন তিনি।
এই তিনজন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছেন। যেখানে তাদের সঙ্গে ক্রিকেটার তানজিদ হাসানও রয়েছেন পুরস্কারের দৌড়ে। মূলত দর্শকদের ভোটে এই ক্যাটাগরির বিজয়ী নির্ধারণ হবে।
সোমবার (১৮ মে) এক সংবাদসম্মেলনে এই দুই ক্যাটাগরিসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীয় ক্রীড়াবিদদের নাম ঘোষণা করেছে বিএসপিএ। সংগঠনটি জানিয়েছেন, এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৪জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। বর্ষসেরা ক্রীড়াবিদ ও পলুলার চয়েজে কে বিষয়ী হবেন, সেটা জানা যাবে পুরস্কার অনুষ্ঠানের দিন। আগামী ২২ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।