দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিফা বিশ্বকাপের নরওয়ে। আর সেই দলে আছেন দেশের সবচেয়ে বড় দুই তারকা আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ড।
কোচ স্ট্যাল সোলবাক্কেন বৃহস্পতিবার (২১ মে) ঘোষণা করেছেন নরওয়ের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন গোলরক্ষক সান্দার ট্যাংভিক। হামবুর্গ এসভির এই তরুণ গোলরক্ষক এখনও জাতীয় দলের হয়ে অভিষেক না করলেও শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে।
গোলরক্ষক নির্বাচন নিয়ে বেশ নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যাথিয়াস ডিনগেল্যান্ডের চোট এবং নিকিতা হাইকিনের জাতীয়তা পরিবর্তনের আবেদন ফিফা নাকচ করায় বিকল্প কমে যায়। সেই পরিস্থিতিতে সুযোগ পান ২৩ বছর বয়সী ট্যাংভিক। স্কোয়াডে থাকা একমাত্র আনক্যাপড খেলোয়াড় তিনিই।
এদিকে দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক ওডেগার্ড, যিনি সদ্য আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। আক্রমণে থাকবেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন হালান্ড।
বিশ্বকাপে নরওয়ে পড়েছে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে পরিচিত ‘আই’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও ইরাক।
নরওয়ে দল
গোলরক্ষক- ওর্হান নিল্যান্ড, এগিল সেলভিক, সান্দার ট্যাংভিক।
ডিফেন্ডার- হুলিয়ান রায়ারসন, মার্কাস হল্মগ্রিন পিডারসেন, ডেভিড মোলার উলফ, ফ্রেড্রিক হোরকান, ক্রিস্টোফার আহের, টর্বহর্ন হেগেম, লিও স্কিরি ওসটিগার্ড, সোন্দ্রে ল্যাঙ্গাস, হেনরিক ফ্যালচেনের।
মিডফিল্ডার- মার্টিন ওডেগার্ড, সান্দার বার্গ, ফ্রেড্রিক অর্সনেস, প্যাট্রিক বার্গ, ক্রিশ্চিয়ান থোরস্তেভড, মর্টেন থর্সবি, থিরো আগসগার্ড।
ফরোয়ার্ড- আর্লিং হালান্ড, আলেকজান্ডার সরলোথ, স্ট্র্যান্ড লারসেন, আন্তোনিও নুসা, ওস্কার বব, আন্দ্রিয়াস শেজাল্ডারুপ, জিন্স পিটার হজ।
অনিক/