ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে বুনো উদযাপনে মেতে ওঠে পিএসজির ভক্ত-সমর্থকরা।
টানা দ্বিতীয়বার ইউরোপসেরা হওয়ার উদযাপন রূপ নেয় সহিংসতায়। এ ঘটনায় ৪ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ভোর পর্যন্ত ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী প্যারিসেই গ্রেপ্তার হয়েছেন ২৮০ জন।
পিএসজির জয়ের পর প্যারিসের বিভিন্ন এলাকায় হাজারো সমর্থক রাস্তায় নেমে উদযাপনে অংশ নেন। আতশবাজি জ্বালিয়ে ও গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন মিছিল করে তারা। এতে বাস, ট্রেন ও রেলসেবাও বিঘ্নিত হয়।
উদযাপনের সময় আতশবাজি ও ফ্লেয়ার জ্বালানো হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এমন পরিস্থিতিতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই উশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের বিভিন্ন সড়কে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালানো হচ্ছে। কোথাও কোথাও সড়কে মোটরসাইকেল ও বৈদ্যুতিক বাইকে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সহিংসতার ঘটনায় ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লঁরা নুনিয়াজ বলেছেন, সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই বিশৃঙ্খলাকে তিনি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
এর আগে, গত বছর পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের উদযাপনও সহিংসতায় রূপ নিয়েছিল। সে সময় ১৭ বছর বয়সী এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়।
সালমান/