ফিফা বিশ্বকাপ সামনে রেখে রবিবার মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। তবে দলটির বিশ্বকাপ অংশগ্রহণ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা-সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে জানিয়েছে সিএনএন।
যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি অবস্থিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তিজুয়ানায় অবতরণ করে ইরান দল। এর আগে ওয়াশিংটনের বিরুদ্ধে বিশ্বকাপে অংশগ্রহণের পথে নানা বাধা সৃষ্টি করার অভিযোগ তুলেছিলেন ইরানি কর্মকর্তারা।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে তা ম্যাচ শুরুর অল্প সময় আগে। ইরানের শিক্ষার্থী সংবাদ সংস্থা আইএসএনএকে বলেন, ‘আমরা জানি না আমেরিকানদের এই বাধা সৃষ্টি কতদূর পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্র যা করছে, তা বিদ্বেষপূর্ণ এবং দলগুলোর মধ্যে সমতার অভাবের প্রতিফলন।’
এদিকে, যুক্তরাষ্ট্র প্রশাসনের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি খেলোয়াড় ও প্রয়োজনীয় সহায়ক স্টাফদের জন্য প্রয়োজনীয় ভিসা ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে তিনি বলেন, ‘মিথ্যা অজুহাতে ইরান দল যেন এই ব্যবস্থার অপব্যবহার করে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করাতে না পারে, তা আমরা নিশ্চিত করব।’
বিশ্বকাপে ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের বিপক্ষে খেলবে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে দলটি মেক্সিকোতেই অবস্থান করবে।
ইরান দল মাল্টিপল-এন্ট্রি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে। উদ্বোধনী ম্যাচের এক দিন আগে এবং বাকি দুই গ্রুপ ম্যাচের দুই দিন আগে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে।
এই ব্যবস্থাকে ‘সত্যিই অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন মেহদি তাজ। তিনি জানান, বিষয়টি নিয়ে ইরান ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে সম্ভাব্য জটিলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং বিষয়টিকে বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনার সঙ্গে যুক্ত করেন।
ইরানের প্রধান কোচ আমির ঘালেনোয়ি বলেন, প্রতিনিধি দলের কয়েকজন সদস্য, যাদের মধ্যে ব্যবস্থাপনা কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও রয়েছেন, এখনও অনুমোদন পাননি। তিনি বলেন, 'আমি আপনাদের জিজ্ঞেস করছি, এটা কেমন আচরণ? আমি আশা করি পরিস্থিতির স্বাভাবিক হবে এবং ভবিষ্যতে এমন আচরণের পুনরাবৃত্তি হবে না।'
এদিকে অ্যাম্বাসি অব ইরান ইন আনকারাও এই বিধিনিষেধের নিন্দা জানিয়েছে। সিএনএনের বরাত দিয়ে তারা একে ‘খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের সবচেয়ে খারাপ রূপ’ বলে আখ্যা দিয়েছে।
অনিক/