ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ এবং বিশ্বকাপ ফুটবল না থাকলে আজ ঘরোয়া ক্রীড়াঙ্গনে সবার নজর থাকত প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে। যেখানে অপেক্ষা করছে টানটান উত্তেজনা। কে জিতবে শিরোপা? আবাহনী, মোহামেডান না প্রাইম ব্যাংক। তিন দলের পয়েন্টই সমান ১৬ করে। শিরোপা লড়াইয়ে মোহামেডানের ও প্রাইম ব্যাংকের তুলনায় আবাহনী ও সুবিধাজনক অবস্থানে আছে। আবাহনী জয়ী হলেই চ্যাম্পিয়ন। প্রাইম ব্যাংক জয়ী হলেই চলবে না। পাশাপাশি আবাহনীর হার কামনা করতে হবে। একইভাবে মোহামেডানকেও জয়ী হওয়ার পাশাপাশি প্রাইম ব্যাংকের হারের জন্য প্রার্থনা করতে হবে।
শিরোপার লড়াইয়ে থাকা তিন দলের জয়ের সম্ভাবনা নেই। কারণ আবাহনী ও মোহামেডান পরস্পরের বিপক্ষে মুখোমুখি হলেও প্রাইম ব্যাংক মুখোমুখি হবে ঢাকা লেওপার্ডসের বিপক্ষে। আবাহনী ও মোহামেডানের যে দল জিতবে তাদের সঙ্গে প্রাইম ব্যাংক জিতলে তখন দুই দলের পয়েন্ট হবে সমান। এখানে আবার কিন্তু আছে। দেখতে হবে আবাহনী ও মোহামেডানের ম্যাচে জয়ী কোন দল। যদি প্রাইম ব্যাংকের সঙ্গে আবাহনী জয়ী হয় তা হলে দুই দলের পয়েন্টই হবে সমান। তখন হেড টু হেডে জয়ী হওয়াতে আবাহনী চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপা জিতবে। কিন্তু মোহামেডান জয়ী হলে, তখন প্রাইম ব্যাংক ও মোহামেডানের পয়েন্ট হবে সমান। কিন্তু এখানে আবার চ্যাম্পিয়ন হবে প্রাইম ব্যাংক। কারণ তারা মোহামেডানের বিপক্ষে জয়ী হয়েছিল।
শিরোপা নির্ধারণী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। আবাহনী-মোহামেডানের ম্যাচ ৩ নম্বর ও প্রাইম ব্যাংক-ঢাকা লেওপার্ডস ম্যাচ ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। শেষ রাউন্ডে আরও ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইউল্যাব মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও সিটি ক্লাব, পিকেএসপির ২ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব এবং বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে অগ্রণী ব্যাংক ও বসুন্ধরা স্ট্রাইকার্স মুখোমুখি হবে।