মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ যুক্তরাষ্ট্র সময় গত সোমবার বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। এতে করে বিশ্বব্যাপী হাজারও ব্যবহারকারী সামাজিক মাধ্যমটি ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বহু ব্যবহারকারী সমস্যায়। প্রায় আট ঘণ্টা বিভ্রাটের পর মাস্ক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যাপক সাইবার হামলার শিকার হয়েছে।
তিনি এক্সে এক পোস্টে জানিয়েছেন, ‘এক্সে ভয়াবহ সাইবার হামলা করা হয়েছে। আমরা প্রতিদিন হামলার শিকার হই, তবে এবারের হামলাটি বেশ কয়েকটি পন্থায় চালানো হয়েছে। সম্ভবত বড় ধরনের সমন্বিত গোষ্ঠী অথবা কোনো দেশ এর সঙ্গে জড়িত। আমরা এর উৎস খুঁজে বের করার চেষ্টা করছি...।’
গত সোমবার ফক্স নিউজকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে মাস্ক দাবি করেন, এই সাইবার হামলাটি ইউক্রেন অঞ্চলের আইপি অ্যাড্রেস থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
যদিও মাস্কের দাবির পক্ষে কোনো প্রমাণ না থাকলেও, তার প্ল্যাটফর্মটি সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে এমন আশঙ্কা পুরোপুরি অবাস্তব নয়। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সময় মাস্ক আগের চেয়ে অনেক বেশি আলোচিত ও বিতর্কিত হয়ে উঠেছেন। মাস্কের নেতৃত্বে ‘ডোজ’ নামে একটি দল সরকারি তহবিল, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সহায়তা কর্মসূচিতে ব্যাপক কাটছাঁট করেছে। মাস্কের সরকারি কর্মকাণ্ডে অনির্বাচিত ভূমিকার বিরুদ্ধে টেসলার দোকানগুলোতেও বিক্ষোভ হয়েছে। মাস্কের গাড়ি কোম্পানির শেয়ারের দামও কমে গেছে।
অনলাইন বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সময় সোমবার সকাল ৫টা ৩০ মিনিট থেকে প্রায় ২০ হাজার ব্যবহারকারী এক্সের বিভ্রাটের বিষয়ে অভিযোগ করেন। যদিও ঘণ্টাখানেক পর সমস্যাটি সমাধান হয়। তবে সকাল সাড়ে ৯টা নাগাদ আবারও বিভ্রাটের মুখোমুখি হন ব্যবহারকারীরা। এবার প্রায় ৪০ হাজার ব্যবহারকারী সমস্যার বিষয়ে অভিযোগ করেন। কিছু ব্যবহারকারী মাঝে মাঝে এক্স ব্যবহার করতে পারলেও দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সমস্যা অব্যাহত ছিল।
ইলন মাস্কের দাবি অনুযায়ী, সাইবার হামলার উৎস শনাক্তের প্রক্রিয়া চলছে। তবে এর সত্যতা এবং এর পেছনের কারণ এখনো পরিষ্কার নয়।
/আবরার জাহিন
