পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে ডায়োনোসরদের ঘুরে বেড়ানোর প্রমাণ এখনো স্পষ্টভাবে পাওয়া যায়। কোনোটি ছোট কোনোটি বিশাল, চলাচল করার সময় ভেজা কর্দমাক্ত মাটিতে এরা এমন হাজারো পদচিহ্ন ফেলে গেছে! তবে তারা যে স্পাইডার ম্যানের মতো পাহাড় বেয়েছে বা দেয়াল বেয়ে উঠেছে বিষয়টি কিন্তু তা নয়। ডাইনোসোরগুলো সমতল ভূমিতেই চষে বেড়িয়েছে। কিন্তু বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কালের বিবর্তনে এই ভূমিই খাড়া উপরে উঠে এমন পাহাড়ের মতো আকার ধারণ করেছে কিন্তু পদচিহ্নগুলো অবিকৃত থেকে গেছে।
বলিভিয়ার চুকুইসাকা প্রদেশের অদূরে স্যুকের অঞ্চলের পাশে একটি পাহাড়ের পাথরেই রয়েছে প্রায় ৫ হাজারের মতো আলাদা আলাদা ডাইনোসরের পায়ের ছাপ! এই পাথরের নাম ক্যাল অর্কো, যাকে বলা হয় 'ডাইনোসরদের নৃত্যভূমি'। এই পাথরটি দেড় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং ১১০ মিটার উঁচু! একে পাথর বললে অবশ্য ভুলই হবে। কারণ, কালের বিবর্তনে সমতল তৃণভূমি ক্রমশ ওলট-পালট হয়ে এমন উল্লম্ব চুনাপাথরে পরিণত হয়েছে। এই ক্যাল অর্কো নামের পাথরের বুকেই লুকিয়ে আছে ৬৮ মিলিয়ন বছর আগে লেট ক্রেটাসিয়াস যুগে পৃথিবী দাপিয়ে বেড়ানো বড় বড় সব ডাইনোসরের পায়ের ছাপ! এখানে মোট ২৯৩ প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ চিহ্নিত করা হয়েছে। এর সামনে মাথা উঁচু করে দাড়ালেই দেখা মিলবে অদ্ভুত সব সরিসৃপদের পায়ের আকাঁবাঁকা চিহ্ন যে প্রাণিগুলো মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।
এগুলোর মধ্যে আছে হিংস্রতম ডাইনোসর ট্রাইনোসরাস-রেক্স ওরফে টি-রেক্স, মাংসাশী ত্রি-পদাঙ্গুলিবিশিষ্ট থেরোপড, লম্বা গলাওয়ালা সরোপডস যেমনটা জুরাসিক ওয়ার্ল্ড মুভিতে দেখানো হয়েছে সেই ব্রাচিওসাউরাস ডাইনোসর, তৃণভোজী হ্যাড্রোসরসহ অন্তত ৮ প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ!
সাধারণ একজন মানুষের কাছে এ বিষয়টা অনেকটা অর্থহীন মনে হলেও হতে পারে, তবে একজন জীবাশ্মবিজ্ঞানের শিক্ষার্থীর কাছে এ তথ্যগুলো রীতিমতো গায়ের লোম দাঁড়া করিয়ে দেবার মতো।
লক্ষ কোটি বছর আগে সবুজ প্রকৃতিতে বিলুপ্ত এই সরিসৃপদের চলাফেরা, আচরণ, খাদ্যাভ্যাস ও আকৃতি সম্পর্কে ধারনা দিতে এই পাথর জীবাশ্মবিজ্ঞানের মহামূল্যবান উপাত্ত। তাই ক্যাল অর্কো ডাইনোসর সাইট-কে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীবাশ্মসম্পর্কিত দর্শনীয় স্থান হিসেবে মূল্যায়ন করা হয়।
১৯৮৫ সালে প্রথমবারের মতো যখন এই স্থানের সন্ধান মেলে তখন ইতিহাস ও বিজ্ঞানে ব্যাপক শোরগোল পড়ে যায়। এই জায়গাটি পাহাড় যুগ বা ক্রেটাসিয়াস যুগের শেষে, প্রায় ৬৬ মিলিয়ন বছর আগেকার টারশিয়ারী যুগের শুরুতে ঘটে যাওয়া চিত্রের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় গবেষণায় একটি নতুন দিগন্তের উন্মোচন ঘটায়। এ তথ্য প্রকাশিত হওয়ায় ডাইনোসরের জীববৈচিত্র্যের সংখ্যাগত দলিল পৃথিবীর অন্য যে-কোন স্থানের তুলনায় বেড়ে যায়। এটি আবিষ্কার হবার আগে সর্ববৃহৎ ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হতো তুর্কমেনিস্তানের খোদা-পিল-আটা। এবং এর পরবর্তী স্থান হিসেবে বিবেচনা করা হতো পর্তুগাল, গ্রেট ব্রিটেন, স্পেন ও সুইজারল্যান্ডকে। কিন্ত এ সকল চরণভূমির তুলনায় ক্যাল অর্কো বেশ কয়েকগুণ বড়।
দিনা/সিফাত/