যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে হারিকেন হেলেনের আঘাতে প্রাণহানির সংখ্যা ২১০ জন ছাড়িয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা অর্ধশতাব্দীরও বেশি সময়ে এটি যুক্তরাষ্ট্রে আঘাত হানা দ্বিতীয় বৃহত্তম প্রাণঘাতী ঝড় বলে মন্তব্য করেছেন।
শুক্রবার (৪ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
সরকারি পরিসংখ্যানের হিসাবের বরাত দিয়ে এএফপি উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি ও ভার্জিনিয়াজুড়ে ২১২ জন প্রাণহানির বিষয় নিশ্চিত করেছে। এর মধ্যে উত্তর ক্যারোলিনায় অর্ধেকেরও বেশি প্রাণহানি ঘটেছে। ২০০৫ সালের হারিকেন ক্যাটরিনার পর যুক্তরাষ্ট্রে আঘাত হানা দ্বিতীয় শক্তিশালী হারিকেন হেলেন। ক্যাটরিনার আঘাতে দেশটিতে ১ হাজার ৩৯২ জনের মৃত্যু হয়েছিল।
প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল সফরের দ্বিতীয় দিনে এই দুর্যোগে কয়েক লাখ মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা ক্ষতিগ্রস্ত এক অঞ্চল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি দুঃখ প্রকাশ করেন। বাইডেন বলেন, আমি আপনাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি- আমরা আপনাদের পাশে আছি। এই ঝড়ে অনেক শহর ও নগর প্লাবিত হয়েছে। অসংখ্য রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিদ্যুৎ-পানি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। সূত্র: এএফপি