সিরিয়ায় যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি, দেশটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। গত মঙ্গলবার সিরিয়াবিষয়ক জাতিসংঘের রাষ্ট্রদূত গেইর পেডারসান এ সতর্কবাণী উচ্চারণ করেন। পাশাপাশি তিনি বলেন, সিরিয়া একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তাই তাদের দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক উত্তরণের দিকে যেতে হবে।
পেডারসান দামেস্ক থেকে ভারচ্যুয়ালি যুক্ত হয়ে ১৫ রাষ্ট্রবিশিষ্ট নিরাপত্তা পরিষদকে সিরিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া দামেস্কে পেডারসান সাবেক বিদ্রোহী কমান্ডার এবং নতুন প্রশাসনের স্বঘোষিত কমান্ডার আহমাদ আল-শারারের (আবু মোহাম্মদ আল জোলানি নামেও পরিচিত) সঙ্গে সাক্ষাৎ করেন। সিরিয়ার তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশিরের সঙ্গেও বৈঠক করেছেন পেডারসান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পেডারসান বলেন, ‘এখন একটা আশার ব্যাপার হচ্ছে যে- শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির বিষয়ে সিরিয়ার সব জনগণকে অন্তর্ভুক্ত করা এবং জবাবদিহি ও সুবিচারের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রকৃত সুযোগ এসেছে। তবে অনেকেই সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, ‘সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। আমার উদ্বেগ যে, এসব বিষয়ে যদি সিরীয় ও আন্তর্জাতিক সমাজ যথাযথভাবে নজর না দেয়, তা হলে এর চেয়েও খারাপ অবস্থা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।’সিরিয়ার স্থিতিশীলতা বর্তমানে নড়বড়ে অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন পেডারসান।
বিদ্রোহীদের আক্রমণের মুখে মাত্র ১১ দিন আগে বাশার আল-আসাদ সরকারের পতন হয়। আসাদ পালিয়ে রাশিয়া চলে যান। তার পরও দেশটির বেশকিছু স্থানে লড়াই চলছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদন বলছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে লড়াই চলছে।
এ প্রসঙ্গে পেডারসান বলেন, বেসামরিক ব্যক্তিরা যেখানেই থাকুক না কেন, তাদের সুরক্ষা দিতে হবে। দেশব্যাপী অস্ত্রবিরতি কার্যকর করার জন্য উত্তেজনা কমাতে হবে। এ ছাড়া সামরিক বাহিনীর উপদলের মধ্যে উত্তেজনা মোকাবিলার জন্য চেষ্টা চালাতে হবে।
ইসরায়েলকে সতর্কবার্তা
নিরাপত্তা পরিষদের বিভিন্ন সদস্য ইসরায়েলকে সিরিয়ার প্রক্রিয়া বিনষ্ট না করার জন্য সতর্ক করে দিয়েছেন।
পেডারসান বলেন, ইসরায়েলকে অধিকৃত সিরীয় গোলানে বসতি স্থাপনের সব প্রচেষ্টা বন্ধ করতে হবে। কারণ তা অবৈধ। সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আক্রমণ বন্ধ করতে হবে।
গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে নিয়ে এই প্রথমবারের মতো সিরীয় অঞ্চলে প্রবেশ করেন। তারা ওই অঞ্চলে মাউন্ট হার্মন নামে পরিচিত পাহাড়ের শীর্ষে আরোহণ করেন।
জাতিসংঘের বাহিনী ইউএনডিএফ সিরিয়ায় অস্ত্রবিরতির নজরদারি করছে। গত মঙ্গলবার ইউএনডিএফ জানায়, তাদের কার্যক্রমের এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর উপস্থিতি শান্তিরক্ষীদের চলাচলের স্বাধীনতার ওপর এবং তাদের অভিযান, লজিস্টিক ও প্রশাসনিক কর্মতৎপরতার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। সূত্র: ভয়েস অব আমেরিকা