যুক্তরাষ্ট্রে শত শত বিলিয়ন ডলারের সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ বন্ধ করতে মার্কিন প্রশাসনকে গত সোমবার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ (ওএমবি) এর ভারপ্রাপ্ত প্রধান ম্যাথিউ ভেথ স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই স্থগিতাদেশের সিদ্ধান্তটি জানানো হয়েছিল।
তবে তার এই আদেশকে দেশটির আদালত সাময়িক স্থগিত করেছে। যা সরকারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
ফেডারেল অনুদান বন্ধ হলে দেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন সহায়তা, দুর্যোগ ত্রাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
আর এ কারণেই স্থাগিতাদেশটি কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের জেলা বিচারক লরেন আলি খান আদেশটির ওপর সাময়িক স্থগিতাদেশ দেন এবং পরবর্তী সোমবার এই বিষয়ে আবার শুনানি হবে বলে জানান।
ট্রাম্পের ওই আদেশে বলা হয়েছে, ফেডারেল অর্থায়ন পর্যালোচনার জন্য এই স্থগিতাদেশ আরোপ করা হয়েছে যাতে তা প্রেসিডেন্টের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। এর আগেই ট্রাম্প প্রশাসন বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তি (ডিইআই) কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছিল।
ভেথ ওই আদেশে আরও উল্লেখ করেছেন, ‘যেসব নীতি প্রেসিডেন্টের এজেন্ডার বিরুদ্ধে, সেগুলোর জন্য ফেডারেল সম্পদের ব্যবহার করদাতাদের অর্থের অপচয় এবং জনকল্যাণে কোনো অবদান রাখে না।’ এই কারণে এসব অনুদান ও ঋণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ২০২৪ অর্থবছরে ফেডারেল সরকার প্রায় ১০ ট্রিলিয়ন ডলার ব্যয় করবে, যার মধ্যে তিন ট্রিলিয়নের বেশি যাবে আর্থিক সহায়তার জন্য। তবে কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) অনুযায়ী, ২০২৪ সালে সরকারি ব্যয় হবে ছয় দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলার। যা থেকে স্পষ্ট হয়, ওএমবি এবং সিবিওর হিসাবের মধ্যে গরমিল রয়েছে এবং বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন।
এই স্থগিতাদেশে বিদেশি সাহায্য এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য বরাদ্দও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সামাজিক নিরাপত্তা, চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা এবং প্রতিবন্ধী ভাতার মতো ব্যক্তিগত সহায়তা এই আদেশের বাইরে থাকবে।
ট্রাম্পের এই পদক্ষেপে ডেমোক্র্যাটরা তীব্র প্রতিবাদ জানিয়েছে। সিনেটর প্যাটি মারে এবং কংগ্রেসম্যান রোজ ডিলাউরো এই সিদ্ধান্তকে ‘অভূতপূর্ব এবং শ্বাসরুদ্ধকর’ বলে উল্লেখ করেছেন এবং এটি সংবিধানের লঙ্ঘন বলে দাবি করেছেন।
ডেমোক্র্যাটিক সিনেট নেতা চাক শুমার সতর্ক করে বলেছেন, ‘এই আদেশ যদি কার্যকর হয়, তবে এটি কোটি কোটি আমেরিকান নাগরিকের জীবনে বিপর্যয় নিয়ে আসবে।’
ন্যাশনাল কাউন্সিল অব ননপ্রফিটস-এর প্রধান ডায়ান ইয়েনটেল বলেছেন, ‘এই অর্থায়ন যদি সাময়িকভাবে স্থগিত হয়, তবে শিশুদের ক্যানসার গবেষণা, খাদ্য সহায়তা, পারিবারিক সহিংসতা সুরক্ষা এবং আত্মহত্যা প্রতিরোধের হটলাইন বন্ধ হয়ে যেতে পারে।’
অন্যদিকে, প্রতিনিধি কক্ষের শীর্ষ রিপাবলিকান সদস্য টম এমার দাবি করেছেন, ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছেন। সূত্র: রয়টার্স
তাওফিক/