কানাডীয় নাগরিকত্ব বাতিলের দাবিতে একটি পিটিশনে দেড় লাখেরও বেশি মানুষের সই পড়েছে, যার লক্ষ্য স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের ইলন মাস্কের নাগরিকত্ব বাতিল করা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দ্য কানাডিয়ান প্রেসের এক প্রতিবেদনে এই সংবাদ প্রকাশ করা হয়।
মাস্কের কানাডীয় নাগরিকত্ব বাতিলের জন্য এ পিটিশনটি সামনে এনেছেন ব্রিটিশ কলাম্বিয়ার লেখক কোয়ালিয়া রিড, যিনি কানাডার হাউস অব কমন্সে এই বিষয়টি উত্থাপন করেছেন। পিটিশনটি নিউ ডেমোক্রেটিক পার্টির এমপি ও মাস্কের সমালোচক চার্লি অ্যাঙ্গাসের অর্থায়নে করা হয়েছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করলেও মায়ের সূত্রে কানাডীয় নাগরিক। কানাডার সাসকাচোওয়ান প্রদেশের রেজিনায় তার মায়ের জন্ম। মাস্ক বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক টেসলা, স্পেসএক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্রধান।
প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ককে ট্রাম্প প্রশাসনে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়, যেখানে তিনি কানাডার জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। পিটিশনে দাবি করা হয়েছে, মাস্ক ট্রাম্পের মিত্র হওয়ায় তিনি এমন একটি বিদেশি সরকারের সদস্য, যা কানাডার সার্বভৌমত্ব বিলুপ্ত করতে চায়।
পিটিশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে মাস্কের নাগরিকত্ব বাতিল এবং তার কানাডীয় পাসপোর্ট প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পিটিশনে সই সংগ্রহের কাজ এখনো চলমান, এবং এটি ২০ জুন পর্যন্ত চলবে।
এ ধরনের পিটিশন স্বীকৃতি পেতে সাধারণত ৫০০ সই প্রয়োজন হলেও, রিডের পিটিশন ইতোমধ্যে এক লাখ ৫৭ হাজার সই ছাড়িয়ে গেছে। ২৪ মার্চে কানাডার পার্লামেন্টের কার্যক্রম শুরু হবে, তবে সাধারণ নির্বাচনের ঘোষণাও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: দ্য কানাডিয়ান প্রেস
ইউএনবি/তাওফিক/