দীর্ঘ ৯ মাসের অপেক্ষা শেষে রবিবার (১৬ মার্চ) নাসা ও স্পেসএক্সের ক্রু-১০ পৌঁছে গেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। চার মহাকাশচারীকে নিয়ে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে গতকাল শনিবার রওনা হওয়া মহাকাশযানটি নির্দিষ্ট সময়ে অবতরণ করেছে আন্তর্জাতিক স্পেস সেন্টারে। এই মহাকাশযানেই পৃথিবীতে ফেরার কথা সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের।
নাসার সূত্রের খবর, আমেরিকার স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টায় ক্রু-১০ আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবতরণ করে।
তাদের বহনকারী মহাকাশযানের হ্যাচ বা দরজা খোলা হয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার রাত ১টা ৫মিনিটে। এর পর এই টিমের চার মহাকাশচারী টাকুয়া ওনিশি, ক্রিলি পেসকভ, অ্যানি ম্যাকক্লেন এবং নিকোল আয়ারস আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রবেশ করেন। এই চার মহাকাশচারী উইলমোর এবং সুনীতার নির্দেশনায় স্টেশনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে আগামী কয়েক দিন সেখানে থাকবেন।
এদিকে সব ঠিক থাকলে গত ৯ মাসের ঠিকানা আন্তর্জাতিক স্পেস স্টেশনকে বিদায় জানাবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তার সহযোদ্ধা বুচ উইলমোর।
নাসা জানায়, ক্রু-১০ মহাকাশযানে আজই পৃথিবীর উদ্দেশে রওনা হবেন সুনীতা ও বুচ। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
দিনা/অমিয়/