পাঁচটি ফ্লাইটে আইফোন এবং অন্যান্য সামগ্রী বোঝাই করে ভারত থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছে অ্যাপল। সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক এড়াতেই জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নিল অ্যাপল।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, মার্চের শেষ সপ্তাহের দিকে এগুলো নিয়ে যাওয়া হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া বিদেশি পণ্যের উপর ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। ৫ এপ্রিল থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকরও হয়ে যায়। সেই আবহে ভারতের কারখানা থেকে তড়িঘড়ি পাঁচটি বিমানবোঝাই আইফোন যুক্তরাষ্ট্রে নিয়ে যায় অ্যাপল।
সর্বভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, মার্চের শেষ সপ্তাহে মাত্র তিন দিনের মধ্যে আইফোন এবং অন্যান্য সামগ্রীবোঝাই পাঁচটি বিমান ভারত থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় অ্যাপল।
দেশটির একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৫ এপ্রিল থেকে কার্যকর হওয়া ট্রাম্পের ১০ শতাংশ পারস্পরিক শুল্ক এড়াতেই জরুরি ভিত্তিতে এই পণ্য নিয়ে যাওয়া হয়।
পাশাপাশি, সূত্রের খবর অনুযায়ী, বাড়তি শুল্ক সত্ত্বেও আপাতত ভারত বা অন্যান্য দেশের বাজারে পণ্যের মূল্যবৃদ্ধির কোনও পরিকল্পনা নেই অ্যাপলের। তাই আপাতত অ্যাপল-ব্যবহারকারীদের এ নিয়ে চিন্তার কোন কারণ নেই। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
দিনা/