সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গোপনে প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এই কূটনীতিকের দাবি, আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত আল-শারা যুক্তরাজ্যকে এই প্রতিশ্রুতি দেন।
গত ১৩ এপ্রিল সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে দাবি করেন, সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যকে আশ্বাস দেন যে, সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।
ক্রেইগ মারে জানান, ২০২৬ সালের শেষ নাগাদ সিরিয়া আনুষ্ঠানিকভাবে দখলদার রাষ্ট্রটিকে স্বীকৃতি দেবে এবং রাষ্ট্রদূত বিনিময় করবে।
মারে বলেন, ‘হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল-জোলানির এই পদক্ষেপের লক্ষ্য হলো পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা আনা এবং সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা।’
সাবেক এই ব্রিটিশ কূটনীতিক আরও বলেন, ‘আমি জিজ্ঞাসা করেছি যে, ইসরায়েলি দখলদার বাহিনীর সিরিয়া থেকে প্রত্যাহার এই চুক্তির অংশ কি না? আশ্চর্যের বিষয় হলো, কোনো পক্ষই বিষয়টি উত্থাপন করেনি। যুক্তরাজ্য এটিকে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি দ্বিপক্ষীয় বিষয় হিসেবে দেখে। আল-জোলানিও ইসরায়েলি প্রত্যাহারকে অগ্রাধিকার দিচ্ছেন বলে মনে হয় না।’
ক্রেইগ মারে আরও উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডিরেক্টরেট জেনারেল ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ বিশ্বাস করে, আল-জোলানির অন্তর্বর্তী সরকারের অবস্থান গত ১৭ মার্চ ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ প্লেজিং কনফারেন্সে দেওয়া প্রতিশ্রুতিগুলোর সঙ্গে সংগতিপূর্ণ।
এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে আলভি ও খ্রিষ্টান সম্প্রদায়কে সরকারে অন্তর্ভুক্ত করা এবং নারীদের মন্ত্রী পদে নিয়োগ দেওয়া। তবে মন্ত্রিসভা মূলত আল-জোলানির অনুসারী নিয়ন্ত্রিত। কারণ, তারাই প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ ও স্বরাষ্ট্রের মতো প্রায় সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে।
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রীর মধ্যে মাত্র তিনজন সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন এবং মাত্র একজন নারী। এ ছাড়া একজন কুর্দি, একজন আলভি ও একজন দ্রুজ আছেন।
ব্রাসেলসের এই সম্মেলনে সিরিয়ার জন্য সাড়ে ৫ মিলিয়ন ইউরো ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, যার অর্ধেক সরাসরি ইইউ থেকে আসবে।
মারে অভিযোগ করেন, আল-জোলানি সিরিয়ায় কর্মরত ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬ ও যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর সমর্থন পাচ্ছেন।
তিনি মনে করেন, পশ্চিমা পৃষ্ঠপোষকদের চূড়ান্ত লক্ষ্য হলো আল-জোলানির ইসরায়েলপন্থি সরকারের অধীনে ক্ষমতা সুসংহত করা এবং পরে হায়াত তাহরির শামের মধ্যে থাকা আরও উগ্রপন্থি গোষ্ঠীগুলোকে দমন করা। সূত্র: মিডল ইস্ট মনিটর
দিনা/অমিয়/