কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি। দেশটির নির্বাচনে তার দল লিবারেল পার্টি ৬৪ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কার্নির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কনজারভেটিভ নেতা পিয়েরে পইলিয়েভ্রে। তিনি নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন। কানাডার পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজন ১৭২টি আসন। নির্বাচনে লিবারেল পার্টি ৩৪৩টি আসনের মধ্যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
বিজয়ের পর দেওয়া ভাষণে কার্নি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, ‘ট্রাম্প কানাডার মালিকানা নিতে এবং কানাডার মানুষকে বিভক্ত করার চেষ্টা করছেন, কিন্তু তা কখনোই সফল হবে না।’
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কানাডার রাজনীতি বড় ধরনের পরিবর্তনের মুখে পড়ে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতৃত্ব ছাড়েন। তার স্থলাভিষিক্ত হন ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি। ট্রুডোর বিদায়ের পর দলকে সংগঠিত করে নতুন নেতৃত্ব তুলে আনেন কার্নি।
নির্বাচনের আগে কানাডা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কানাডার পণ্যে শুল্ক আরোপের হুমকি দেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দেন। এসব মন্তব্য কানাডায় দেশপ্রেম ও জাতীয়তাবোধে প্রবল সাড়া তোলে এবং নির্বাচনি প্রচারে বড় প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটেই লিবারেল পার্টির প্রতি জনসমর্থন বৃদ্ধি পায় এবং মার্ক কার্নি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। সূত্র: আল-জাজিরা
তাওফিক/