ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামেই ৪ শতাধিক ঘরজামাই! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকার বিকল্প নেই চুয়েট হলে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা ‘মাথা উঁচু করে বিদায় নিচ্ছি’- ড্রেসিংরুমে ইরানের বার্তা যার শেষ পরিণতি হবে জাহান্নাম চকরিয়ায় সৌদিয়া বাস উল্টে আহত ৭ আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হবে ঈশ্বরগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড় গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

যুদ্ধে ভারত-পাকিস্তান উভয়েরই জয় দাবি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:২০ পিএম
যুদ্ধে ভারত-পাকিস্তান উভয়েরই জয় দাবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

চার দিনের তীব্র লড়াইয়ে কে জয়ী হয়েছে, তা নিয়ে ভারত-পাকিস্তানে প্রচণ্ড বাদানুবাদ চলছে। যুদ্ধবিরতির পরই জোরেশোরে নিজেদের সাফল্যের কথা তুলে ধরছে দেশ দুটি। এ জন্য তারা ক্ষয়ক্ষতি কমিয়ে দেখাচ্ছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (১২ মে) জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেছেন, ভারতের ওপর আবারও হামলা চালালে তার কঠিন জবাব দেওয়া হবে। তিনি জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকেও বসেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন যুদ্ধ বন্ধ করার জন্য। তার চাপের ফলেই ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। যুদ্ধবিরতির তৃতীয় দিনে গতকাল দুই দেশের সীমান্তে মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় ছিল। গতকাল কোথাও যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া যায়নি।

জয় দাবি করছে দুই দেশই
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শনিবার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিট পর ভারতের এক টেলিভিশন নিউজ চ্যানেল পর্দাজুড়ে ছড়ানো হেডলাইনে দেখাচ্ছিল ‘পাকিস্তানের আত্মসমর্পণ’। পরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপ সন্ত্রাসীদের প্রতি একটি জোরালো বার্তা পাঠিয়েছে।

যুদ্ধবিরতির পর রাজধানী ইসলামাবাদের রাস্তায় জড়ো হয়ে ‘ভারতের বিরুদ্ধে পাকিস্তান সামরিক বাহিনীর জয়’ উদযাপন শুরু করে দেন সাধারণ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দাবি, ‘পাকিস্তানের সাহসী সেনাবাহিনী ইতিহাস গড়েছে।’

তিনি বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আমাদের যুদ্ধবিমানগুলো ভারতের কামানগুলোকে যেভাবে স্তব্ধ করে দিয়েছে, ইতিহাস তা সহজে ভুলবে না।’ 

তিনি যখন এসব কথা বলছিলেন, তখন বাইরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হচ্ছিল।

ভারত পাকিস্তানের কয়েকটি বিমানঘাঁটির নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। সেগুলোতে দেখা গেছে, বিমানঘাঁটি ও রাডার স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এগুলো পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি, যেগুলো ভারতের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে।

আবার হামলা হলে পাল্টা আঘাত হানবে ভারত: মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের ওপর ভবিষ্যতে আবার কোনো সন্ত্রাসী হামলা হলে তার কড়া জবাব দেওয়া হবে। সন্ত্রাসের উৎসস্থলে লক্ষ্য স্থির করে ভারত তার নিজস্ব শর্তে পাল্টা আঘাত হানবে।

গতকাল সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

আল-জাজিরার খবরে বলা হয়, নরেন্দ্র মোদি ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এতে তিনি পাকিস্তান ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের নিরাপত্তা নীতি কী হবে- তাও স্পষ্ট করেন। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
 
মোদি তার ভাষণে পাকিস্তানের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কোন শর্তে নির্ধারিত হবে, তা পরিষ্কার করে দিয়েছেন। 

তিনি বলেন, “ইসলামাবাদের কোনো ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ ভারত বরদাশত করবে না। ২২ মিনিটের ভাষণে মোদি ভারতের নিরাপত্তানীতির ৩ মূল স্তম্ভ ব্যাখ্যা করেন। ‘অপারেশন সিঁদুরের’ পর এই নীতিতে বড় পরিবর্তন এসেছে। দ্বিতীয়ত, ভারত পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভীত হবে না। এই অজুহাতে পরিচালিত যেকোনো সন্ত্রাসী ঘাঁটি সুনির্দিষ্ট এবং সিদ্ধান্তমূলক হামলার মুখোমুখি হবে। তৃতীয়ত, ভারত আর সন্ত্রাসী নেতা ও তাদের আশ্রয়দাতা সরকারগুলোকে আলাদা সত্তা হিসেবে দেখবে না।”

মোদি বলেন, ‘বাহাওয়ালপুর ও মুরদিকে এখন সন্ত্রাসবাদের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। এই জায়গাগুলোর সঙ্গে ৯/১১ হামলা, লন্ডন টিউব বোমা হামলা এবং গত দশকে ভারতের মাটিতে ঘটে যাওয়া প্রতিটি হামলার যোগসূত্র রয়েছে।’

নরেন্দ্র মোদি তার ভাষণে পাকিস্তান সরকার, সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যকার যোগসাজশ তুলে ধরে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে যদি কোনো আলোচনা হয়, তবে তা কেবল সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের আজাদ কাশ্মীর নিয়েই হবে, অন্য কিছু নিয়ে নয়।’

তিনি ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস ও বাণিজ্য পাশাপাশি চলতে পারে না এবং রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’

মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প 
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের ঠিক আগেই মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন যুদ্ধ বন্ধ করার জন্য। অন্যথায় ব্যবসার ওপর প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন। 

সোমবার হোয়াইট হাউসের এক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ভারত ও পাকিস্তান) যুদ্ধ বন্ধ করার নেপথ্যে একটি বড় কারণ হলো ব্যবসা। তিনি জানান, ভারত ও পাকিস্তান দুই দেশের নেতাই নিজেদের দিক থেকে অটল ছিলেন। দুপক্ষের যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে আমেরিকা অনেক সাহায্য করেছে বলেও দাবি ট্রাম্পের। দুই দেশকে পরমাণুযুদ্ধ থেকেও নিবৃত্ত করেছেন বলে দাবি করেন ট্রাম্প।  

উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে মোদি 
এনডিটিভি জানায়, যুদ্ধবিরতির পর গতকাল নিজের বাসভবনে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে মিলিত হন নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান- সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান রবি সিনহাও বৈঠকে উপস্থিত ছিলেন। 

যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছে: পাকিস্তান 
পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে তার দেশ প্রতিক্রিয়ায় কোনো ছাড় দেবে না- জবাব হবে ব্যাপক, কঠোর এবং চূড়ান্ত। যুদ্ধবিরতি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি।’ 

ভারতের বন্ধ বিমানবন্দর আবার চালু
‘অপারেশন সিঁদুর’-এর কারণে ভারতে বন্ধ করে দেওয়া সব বিমানবন্দর গতকাল থেকে আবার চালু করা হয়েছে। গত ৭ মে পাকিস্তানে হামলার পর উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের মোট ৩২টি বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। গতকাল থেকে সেগুলো আবার চালু হয়েছে। ভারতের এয়ারপোর্ট অথরিটি (এএআই) এ কথা জানায়। খবরে বলা হয়, রবিবার নতুন করে কোনো হামলা না হওয়ায় গতকাল থেকে বন্ধ থাকা বিমানবন্দরগুলো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিক্রম মিশ্রির এক্স অ্যাকাউন্ট লকড
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ভারত সম্মত হয়েছে- এমন বক্তব্যের পর থেকেই দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খবর জানানোর পর বিক্রম মিশ্রির ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টের মন্তব্যের ঘর অশ্লীল ও আক্রমণাত্মক মন্তব্যে ভরে ওঠে। বেশির ভাগই যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার জন্য তাকে দায়ী করে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিক্রম মিশ্রির মেয়েকে নিয়েও অবমাননাকর মন্তব্য করেছেন। এর পর থেকে তিনি তার পাবলিক অ্যাকাউন্ট ‘লক’ করে রেখেছেন। তথ্যসূত্র: বিবিসি/রয়টার্স/দ্য হিন্দু/জিওনিউজ/আল-জাজিরা

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/