প্রায় ২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। জম্মু-কাশ্মীরের পাহালগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের হাতে বন্দি হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।
ভুল করে সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম সাউ।পরে ভারত-পাক অশান্তির জেরে তাকে গ্রেফতার করে পাকিস্তানি রেঞ্জার্স। তারপর থেকে পাকিস্তানি সেনাদের হাতেই বন্দি ছিলেন পূর্ণম।
এতদিন তার দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় ছিল গোটা ভারত। সোমবার (১২ মে) দুই দেশের যুদ্ধবিরতির পর পূর্ণমের দেশে ফেরা নিয়ে ফের আশার আলো দেখা যায়। অবশেষে বুধবার (১৪ মে) সকালে মুক্তি পেলেন পূর্ণম।
পাহালগামের জঙ্গিহামলার ঘটনার পর জম্মু-কাশ্মীরে জঙ্গি নিধনে কড়া পদক্ষেপ নেয় ভারত। সীমান্তে তল্লাশি অভিযান সার্জিকাল স্ট্রাইক শুরু হয়। এরই মধ্যে ভুল করে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত টপকে পাকিস্তানে প্রবেশ কোড়ে ফেলেন বিএসএফের ১৮২ নং ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পিকে সাউ।
তিনি পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা। সেই ঘটনার ২০ দিনেরও বেশি সময় পর বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন এই জওয়ান।
ভুলবশত সেনা বা সাধারণ মানুষের সীমান্ত পেরনোর ঘটনা আগেও হয়েছে। প্রোটোকল অনুযায়ী, ফ্ল্যাগ বৈঠকের পর এমন সমস্যার সমাধান হয়। আটক করা হলেও তদের ছেড়ে দেওয়া হয়।
তবে, কাশ্মীরের হত্যাকাণ্ডের পর পাকিস্তানের প্রতি কঠোর অবস্থান নেয় ভারত। পাল্টা হুঁশিয়ারি দেয় পাকিস্তানও। দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে এই জওয়ানের মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
জওয়ানকে ফিরিয়ে আনার ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তিনবার ফ্ল্যাগ মিটিং করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। তবে সমাধান সূত্র বের হয়নি। কিন্তু সামরিক প্রতিরোধ বজায় রাখার পাশাপাশি কূটনৈতিক আলোচনাও জারি রেখেছিল নয়াদিল্লি। তারই ফল মিলল এতদিন পর। অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরলেন। সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস
সুলতানা দিনা/