যুক্তরাজ্যের বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের বিখ্যাত আলোকচিত্র চুরির দায়ে কানাডার জেফরি উড নামের এক ব্যক্তিকে প্রায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
যে ছবিটি চুরির অভিযোগ উঠেছিল, সেটি ‘দ্য রোরিং লায়ন’ নামে পরিচিত। ২০২১ সালের বড়দিন থেকে ২০২২ সালের জানুয়ারি- এ সময়ের মধ্যে ছবিটি চুরি হয় অটোয়া থেকে। ছবিটি ১৯৪১ সালে তুলেছিলেন ইউসুফ কারশ। বর্তমানে ৫ পাউন্ডের নোটে ছবিটি ব্যবহৃত হচ্ছে। জেফরি উড নিজের দোষ স্বীকার করেছেন। তিনি জালিয়াতি করার কথাও স্বীকার করেছেন।
অটোয়ার পুলিশ জানায়, গত বছর ইতালির জিনোয়ায় এক ব্যক্তিগত সংগ্রাহকের কাছে ছবিটি পাওয়া যায়। তিনি জানতেন না যে ছবিটি চুরি হয়েছিল। মূলত ছবিটি চুরি করে সে জায়গায় ভুয়া আরেকটি ছবি রেখে আসা হয়েছিল। ২০২২ সালে আগস্টের আগ পর্যন্ত কেউ চুরির বিষয়টি টের পায়নি। উড মানসিকভাবে অসুস্থ ভাইয়ের জন্য অর্থ যোগাড় করতে গিয়ে চুরিটি করেছিলেন বলে দাবি করেছেন।
এদিকে সাজা ঘোষণার সময় বিচারক রবার্ট ওয়াডেন বলেন, এটি রাষ্ট্রীয় গৌরবের বিষয় যে কানাডার এক আলোকচিত্রীর তোলা ছবি এত বিখ্যাত হয়েছে। আমাদের সমাজে একটি ভরসার জায়গা রয়েছে, যার বদৌলতে এ ধরনের সম্পদ প্রদর্শিত হতে পারে এবং সব কানাডিয়ান তা উপভোগ করেন। এ ধরনের চুরি ওই ভরসার লঙ্ঘন করে।
প্রসঙ্গত, ছবিটি তোলার পরে কানাডার পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলেন উইনস্টন চার্চিল। সূত্র: বিবিসি