সম্প্রতি ভারতের ইন্দোরের এক যুবককে বড় সিসি ক্যামেরা লাগানো হেলমেট পরে রাস্তায় চলাফেরা করতে দেখা গেছে, যা শহরজুড়ে কৌতূহল এবং উদ্বেগের জন্ম দিয়েছে। 'হেলমেট ম্যান’ নামে পরিচিত এই ব্যক্তির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সতীশ ইন্দোরের হিরানগর থানার গৌরীনগর এলাকার বাসিন্দা। তার ভাইরাল ভিডিওতে তিনি বলেন, ‘তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে প্রতিবেশী বলিরাম চৌহান ও মুন্না চৌহানের সঙ্গে সম্পত্তিসংক্রান্ত বিরোধে জড়িত। প্রতিবেশীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ায় মাথায় হেলমেট সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাস্তায় বের হচ্ছেন।‘
তিনি আরও বলেন, 'আমি যদি মারা যাই, তাহলে আমাকে হত্যা করার ফুটেজ থাকবে।' হুমকি এবং পুলিশের নিষ্ক্রিয়তার দাবি করে, তিনি সুরক্ষা এবং প্রমাণের জন্য এই সরঞ্জামটি ব্যবহার করছেন বলে জানান। অস্বাভাবিক এই দৃশ্যটি সবার মনোযোগ আকর্ষণ করেছে। অনেকেই বলছেন এটি ভয়, হতাশা এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতার একটি চিত্র তুলে ধরেছে।
এই ব্যক্তির দাবি, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তিনি ও তার পরিবার তাদের প্রতিবেশী সতীশ চৌহান, বলিরাম চৌহান এবং মুন্না চৌহানের কাছ থেকে ক্রমাগত হয়রানি আর মৃত্যুর হুমকি পাচ্ছেন। স্থানীয় পুলিশের কাছে একাধিক অভিযোগ দায়ের করা সত্ত্বেও, তেমন সাড়া পাওয়া যায়নি। তাই যেখানেই যান না কেন, সবকিছু রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘এই হেলমেট ক্যামেরাটি কোনও কৌশল নয়, এটি আমার ঢাল।’
এদিকে, পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেন, এই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছে এবং ইতোমধ্যেই তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, আমরা দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছি। মামলাটি পর্যালোচনা করা হচ্ছে এবং নতুন কোনও তথ্য পেলে তা বিবেচনা করা হবে।
প্রতিবেদনে বলা হয়, সতীশের দাবি, এই দুই প্রতিবেশী তার সম্পত্তি দখল করতে চান এবং এ নিয়ে প্রতিদিনই তাদের সঙ্গে ঝগড়া হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে, তিনি ও তার পরিবার নিজেদের জীবনের জন্য আতঙ্কিত হয়ে পড়েছেন।
সতীশ আরও অভিযোগ করেন, প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করেছে। এমনকি বাড়িতে আগে থেকে লাগানো সিসিটিভি ক্যামেরাও তারা খুলে নিয়ে গেছে।
সুলতানা দিনা/