গাজার উত্তরের জাবালিয়া এলাকায় স্থল অভিযানের সময় একটি ট্যাংক বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ঘটনায় আরও একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
হামাসের সামরিক শাখা ইয্জ আদ-দীন আল-কাসসাম ব্রিগেডস জানায়, গাজা অঞ্চলে সংঘর্ষ চলাকালে প্রতিরোধ বাহিনী ওই ট্যাংকটিকে লক্ষ্য করে হামলা চালায়, এতে তিন সেনা প্রাণ হারান।
নিহত সেনারা হলেন- স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০), সার্জেন্ট ইউলি ফাক্টর (১৯)। তারা সবাই ৪০১তম ব্রিগেডের ৫২তম সাঁজোয়া কোর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে একটি গোলা অপারেশনাল দুর্ঘটনায় বিস্ফোরিত হয়েছিল। তবে ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের সম্ভাবনাও নাকচ করা হয়নি।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তাধীন।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৮৯৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অপরদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৮,৩৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মেহেদী/