মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ।
‘তুরুন আনোয়ার’ (আনোয়ার সরে যাও) শীর্ষক এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানী কুয়ালালামপুরের শনিবার (২৬ জুলাই) সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন জড়ো হতে শুরু করেছে। বিশেষ করে মারদেকা স্কয়ার এবং এর আশেপাশে বিপুল সংখ্যক বিক্ষোভকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান করছে।
এই সমাবেশটিকে ২০২২ সালে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর থেকে সবচেয়ে বড় সরকার বিরোধী সমাবেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিক্ষোভকারীরা আনোয়ার সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন এবং দ্রুত তার পদত্যাগ দাবি করছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছেন।
ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুযায়ী, আনোয়ার ইব্রাহিমের ‘ভঙ্গ প্রতিশ্রুতি’ই এই প্রতিবাদের মূল কারণ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ব্যর্থতা নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ আনোয়ার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, যদিও মালয়েশিয়ার সরকার এবং তাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হওয়ার আহ্বান জানিয়েছে, তবে জনতা তাদের দাবিতে অনড় রয়েছে।
মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে। কয়েকদিন আগেই আনোয়ার এবং বিরোধী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
সুলতানা দিনা/