ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্কারোপের আবহে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এই শুল্কযুদ্ধের মাঝেই ভারতের স্বাধীনতা দিবসের বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মুখে এমন উলটো সুর শোনা গেলো।
ভারত-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করে আধুনিক বিশ্বের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে, এমনটাই বললেন মার্কো রুবিও।
শুক্রবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ করা এক বার্তায় তিনি ভারত- যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী’ বলে বর্ণনা করেছেন। তিনি মন্তব্য করেন, দুই দেশই শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুরক্ষিত একটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বপ্ন দেখছে।
এছাড়া,ভারতের স্বাধীনতা দিবসে রুবিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রশংসা করেন।
তিনি বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত ও বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক এবং এর প্রভাব সুদূরপ্রসারী।’
যদিও রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনাকে কেন্দ্রকরে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে তার দ্রুত সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে না।
এছাড়া, ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, পুতিনকে বৈঠকে রাজি করাতে ভারতকে ‘শুল্কবাণ’ দিয়ে ঘায়েল করতে উদ্যত হয়েছে যুক্তরাষ্ট্র।
সুলতানা দিনা/