চীনের কুইংহাই প্রদেশে নির্মাণাধীন একটি রেলওয়ে সেতু ধসে কমপক্ষে ১২ জন শ্রমিক নিহত হয়েছেন এবং চারজন এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
স্থানীয় সময় গত শুক্রবার (২২ আগস্ট) ভোরে সেতুর একটি অংশ ধসে নদীতে পড়ে।
সূত্র জানিয়েছে, সেতুর স্টিলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় আর্কের (খিলান) একটি বড় অংশ ভেঙে যায়। ধ্বংসস্তূপে তখন ১৬ জন শ্রমিক কাজ করছিলেন।
সরকারি সংবাদ সংস্থা জিনহুয়ার প্রকাশিত বিমানচিত্রে দেখা গেছে, সেতুর বাঁকা নীলাভ আর্কের একটি বড় অংশ নদীতে পড়েছে এবং সেতুর ডেকের একটি অংশ ঝুলে আছে।
উদ্ধারকাজে ৮০৬ জন উদ্ধারকর্মী, ৯১টি যানবাহন, ২৭টি নৌকা, ৫টি রোবট এবং একটি হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
নির্মাণাধীন সেতুটি হলো হলুদ নদীর উপর প্রথম স্টিল ট্রাস আর্ক রেলওয়ে সেতু। এর দৈর্ঘ্য ৫,২৩৬ ফুট এবং নদীর পানির থেকে উচ্চতা প্রায় ৪২৬ ফুট। সেতুর দুই প্রান্তের ক্যাবল টাওয়ার ইতোমধ্যেই জুনে সম্পন্ন হয়েছিল। মূল সেতুর কাজ মাসের শেষের দিকে শেষ হওয়ার কথা ছিল। সূত্র: ইয়াহু
মেহেদী/