কিয়েভে রাশিয়ার নতুন করে ভয়াবহ হামলায় কিয়েভের ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা তার এক্স পোস্টেও এ তথ্য নিশ্চিত করছেন।
এ বিষয়ে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি কস্তা এক্স-এ লিখেছেন, ‘ইউক্রেনের ক্ষতিগ্রস্তদের প্রতি এবং যাদের ভবন ইচ্ছাকৃত রাশিয়ান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ইইউ প্রতিনিধিদলের কর্মীদের প্রতি আমার সমবেদনা।’
তিনি লিখেন, ‘ইইউ ভীত নয়। রাশিয়ার আগ্রাসন কেবল ইউক্রেন এবং এর জনগণের পাশে দাঁড়ানোর আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছে।’
কস্তা অফিসের ভেতরের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে জানালা উড়ে গেছে, ছাদ আংশিকভাবে ঝুলছে এবং মেঝেতে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
ইউক্রেনে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত ক্যাটারিনা মাথারনোভা লিখেছেন, ‘বিস্ফোরণে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
একজন ইইউ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ব্লকের কোনো কর্মকর্তা-কর্মচারি হতাহত হননি।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের দ্বিতীয় বৃহত্তম এই বোমাবর্ষণে এক শিশুসহ ১০ জন নিহত হয়েছে।
ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কালাস এক্স-এ লিখেছেন, ‘বিশ্ব যখন শান্তির পথ খুঁজছে, রাশিয়া তখন ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিচ্ছে।’
সুমন/