যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের মার্কিন সিক্রেট সার্ভিস সুরক্ষা প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হ্যারিসের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা শুক্রবার (২৯ আগস্ট) এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছেন।
এছাড়া, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টর সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের প্রার্থিতা প্রত্যাহারের পর ডেমোক্রেটিক পার্টির নতুন প্রার্থী হন ভাইস প্রেসিডেন্ট কমালা। তবে নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ব্যবধানে পরাজিত হন তিনি।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, যারা ভাইস প্রেসিডেন্টের পদে থাকেন, ক্ষমতা থেকে বিদায়ের পর ৬ মাস পর্যন্ত তারা রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায়ের আগে প্রেসিডেন্সিয়াল ক্ষমতাবলে কমালার রাষ্ট্রীয় নিরাপত্তার মেয়াদ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছিলেন।
গত শুক্রবার সেই আদেশই বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। চিঠি প্রদানের মাধ্যমে কমালা হ্যারিসকে তা জানানোও হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে আর রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পাবেন না তিনি।
মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্ফিফ এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের কাছে যে প্রতিশোধের চেয়ে বড় আর কোনো এজেন্ডা নেই, তা আরও একবার প্রমাণিত হলো।’
এর আগে অন্যান্য সাবেক ভাইস প্রেসিডেন্টরাও মেয়াদ বৃদ্ধি করে এই সুবিধা পেয়েছেন। তাদের মধ্যে আল গোর এবং ড্যান কোয়েল ১৮০ দিনের জন্য সুরক্ষা পেয়েছেন বোলে শাবেক সিক্রেট সার্ভিস পরিচালক মার্ক সুলিভান ২০০৮ সালে ওয়াশিংটন পোস্টকে বলেছিলেন।
সুলতানা দিনা/