ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উল্লেখ করে এ তথ্য জানায়।
শুক্রবার পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই স্বীকৃতি আগামী রবিবার অর্থাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ফিলিস্তিন রাষ্ট্র গঠনবিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের আগের দিন কার্যকর হবে।
পর্তুগালের কোরেইও দা মানহা সংবাদপত্রের খবর অনুযায়ী, দেশটির কেন্দ্র-ডানপন্থী প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের সঙ্গে আলোচনা করেছেন।
সংবাদপত্রটি জানায়, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পশ্চিম ইউরোপের এই দেশটির পার্লামেন্টে প্রায় ১৫ বছর ধরে চলা আলোচনার সমাপ্তি ঘটল। এই প্রস্তাবটি প্রথম ২০১১ সালে দেশটির লেফট ব্লক রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপিত হয়েছিল।
এছাড়া পর্তুগালের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান মারিনো এবং অ্যান্ডোরা আগামী সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ফ্রান্স সৌদি আরবের সঙ্গে মিলে নিউইয়র্কে এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পর্তুগালের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছে। তারা বলছে, এই পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রচেষ্টাকে সমর্থন করে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতির এসব ঘোষণাকে কঠোরভাবে সমালোচনা করেছে । সূত্র: আল-জাজিরা
সুমন/