যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টকরে জানিয়ে দিয়েছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবেন না।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের ঠিক আগে ওভাল অফিসে সাংবাদিকদের কাছে ট্রাম্প এই মন্তব্য করেন।
মুসলিম নেতাদেরকে উদ্দেশ্যে তিনি বলেন, 'আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না... এটা ঘটবে না। যথেষ্ট হয়েছে। এখন থামার সময় এসেছে।' খবর বিবিসি এবং পলিটিকো।
এছাড়া, গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারেও বলে জানান তিনি।
তিনি জানান, গত মঙ্গলবার এক বৈঠকে আরব ও মুসলিম নেতাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবেন না।
আলোচনায় উপস্থিত একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের আশ্বাস সত্ত্বেও, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খুব কাছাকাছি ছিল না। ট্রাম্প এবং তার দল যুদ্ধ শেষ করার জন্য প্রশাসনের পরিকল্পনার রূপরেখা দিয়ে একটি শ্বেতপত্র উপস্থাপন করেছেন, যার মধ্যে সংযুক্তির প্রতিশ্রুতি এবং শাসন ও যুদ্ধোত্তর নিরাপত্তার মতো অন্যান্য বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে বিবিসি জানায়, আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানান, গাজা নিয়ে একটি ভালো সমঝোতা ‘প্রায় কাছাকাছি’।
বিবিসির মতে, গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ ক্রমেই বাড়ছে। পশ্চিমা দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তবে নেতানিয়াহুর ডানপন্থি জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে।
যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত সোমবার নিউইয়র্কে বলেছেন, এ পদক্ষেপ হবে ‘নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।’
মার্কিন প্রেসিডেন্ট এর আগে নেতানিয়াহুসহ মধ্যপ্রাচ্যের অন্য নেতাদের সঙ্গেও কথা বলেছেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, গাজা নিয়ে সমঝোতার বেশ কাছাকাছি চলে এসেছি, হয়তো শান্তিও হতে পারে।
অন্যদিকে, জাতিসংঘে ভিডিও কলে ভাষণ দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ৮৯ বছর বয়সী আব্বাসকে নিউইয়র্ক ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। তাই গত বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে সাধারণ পরিষদে ভাষণ দেন তিনি।
সুলতানা দিনা/