আজ বৃহস্পতিবার পাকিস্তান পার্লামেন্টে পাস হয়েছে একটি বিতর্কিত সাংবিধানিক সংশোধনী, যা বর্তমান সেনাপ্রধানকে আজীবন দায়মুক্তি দিচ্ছে এবং সেনাবাহিনীর ক্ষমতা আরও বাড়িয়ে দিচ্ছে। বিরোধী দল ও সমালোচকদের তীব্র আপত্তি সত্ত্বেও বিলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়।
‘২৭তম সাংবিধানিক সংশোধনী’ নামের এ আইনে নতুন একটি পদ—‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’—সৃষ্টির মাধ্যমে সেনাবাহিনীর ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে এবং একটি ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের বিধান রাখা হয়েছে।
সংশোধনীর ফলে সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে মে মাসের সংঘর্ষের পর ফিল্ড মার্শাল পদে উন্নীত সেনাপ্রধান আসিম মুনির এখন থেকে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সর্বময় নিয়ন্ত্রণ পাবেন।
এ ছাড়া নতুন আইনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল, মার্শাল অব দ্য এয়ার ফোর্স বা অ্যাডমিরাল অব দ্য ফ্লিট পদে উন্নীত যেকোনো কর্মকর্তা আজীবন পদমর্যাদা, সুবিধা ও ইউনিফর্ম বজায় রাখতে পারবেন এবং তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না।
আইনটি আরও স্পষ্ট করে বলছে, সংবিধানের এই পরিবর্তনগুলোকে আদালত কোনো অবস্থাতেই প্রশ্ন করতে পারবে না। সূত্র: আল জাজিরা
মাহফুজ/